স্বপ্নের সেই ঈদ ঠিক আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখো, ঠিক একদিন আমাদের ঈদ হবে আমাদের স্বপ্নের ঈদ। তখনো আমরা ঈদের আগে বাড়ি যাব, আমাদের শৈশবের গন্ধমাখা পথে হাঁটব, শৈশবের ঈদগাহে নামাজ পড়ব, দেখা করব পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে, জিয়ারত করব স্বজনদের কবর, কিন্তু সেই ভ্রমণ আজকের মতো কষ্টকর হবে না। তখন আমাদের পথঘাটগুলো হবে আরও শৃঙ্খলাময়। আমরা রেলপথের জাল দিয়ে পুরোটা দেশকে এনে ফেলতে পারব একটা চমত্কার আধুনিক যোগাযোগব্যবস্থার ভেতরে। ইলেকট্রিক ট্রেনে চড়ে দুই-তিন ঘণ্টায় চলাচল করতে পারব ঢাকা-চট্টগ্রাম। চার-পাঁচ ঘণ্টায় পৌঁছে যাব ঢাকা থেকে টেকনাফ বা তেঁতুলিয়ায়। আমাদের ঈদের সময় সড়ক দুর্ঘটনার খবরে বিষণ্ন হয়ে উঠবেই না।দেখো, এমন একদিন আসবে, যখন ঈদের সময় বাড়ি ছাড়তে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে তালা নিয়ে ভাবতে হবে না। আর আমরা ফিতরা দেওয়ার যোগ্যতা অর্জন করব সবাই, কিন্তু ফিতরা নেওয়ার লোক এই দেশে খুঁজে পাওয়া যাবে না। তখন হয়তো আমাদের কোনো সামাজিক কল্যাণমূলক উদ্যোগের জন্য ফিতরার টাকা জমা দিতে বাধ্য হতে হবে।জাকাত নেওয়ার মানুষও খুঁজে পাওয়া যাবে না পথে-ঘাটে-জনপদে। তখন আমরা গল্প করতে পারব, আমাদের জীবনেই আমরা দেখেছিলাম, জাকাতের কাপড় নিতে গিয়ে পায়ের চাপে পিষ্ট হয়ে একদিন এই দেশের মানুষ মারা গিয়েছিল। ‘নাল পিরান’ নামে আমি যে একটা নাটক লিখেছিলাম বিশ শতকের নব্বইয়ের দশকে, একবিংশ শতকের দ্বিতীয় দশকে এসেও সেই নাটকের ট্র্যাজেডি আবার ঘটেছে আমাদের বাস্তব জীবনে। কিন্তু নিশ্চয়ই এমন দিন আসবে, যেদিন ছেলেমেয়েরা এসব গল্প শুনে চোখ বড় বড় করে বলবে, যা, এ কি সম্ভব!দেখো, এমন দিনে আমরা ঈদ করব, যখন রমজানের সময় পণ্যে ভেজাল দেওয়ার প্রতিযোগিতা একটা অসম্ভব অবাস্তব ধারণা বলে গণ্য হবে। সেমাইয়ে কেউ কৃত্রিম রং ব্যবহার করবে না, মাছে বা দুধে ফরমালিন মেশানোর কথা কেউ ভাববেও না।নিশ্চয়ই আমরা এমন দিন পাব, যখন সরকারকে বলতে হবে না, ঈদের আগেই পোশাক-শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন। স্বাস্থ্যমন্ত্রীকে বলতে হবে না, ক্লিনিকে-হাসপাতালে ঈদের ছুটিতেও চিকিত্সাসুবিধা অব্যাহত রাখুন।হয়তো একে ভাবছ এক স্বপ্নবিলাসী লেখকের আকাশকুসুম কল্পনা।কিন্তু তোমাকে বলি, আমার জীবনেই আমি রংপুর থেকে ঢাকা আসার পথে তিনটা ফেরি পার হয়েছি। ভোর সাড়ে চারটায় গাড়ি ছাড়ত, সেই গাড়ি ঢাকা এসে পৌঁছাত রাত সাতটা-আটটায়। অর্থাত্ সময় লাগত ১৪-১৫ ঘণ্টা। এখন স্বাভাবিক সময়ে সাত ঘণ্টার বেশি সময় দরকার হয় না ঢাকা-রংপুর সড়কপথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, ফরিদপুর থেকে গোপালগঞ্জ যেতে লাগে ষাট ঘণ্টা। (২১ ডিসেম্বর ১৯৫০, সোহরাওয়ার্দীকে লেখা চিঠি) আর ২০১২ সালে ফরিদপুর থেকে গোপালগঞ্জ যেতে আসলে দেড় ঘণ্টার মতো লাগে।১৯৭১ সালে দেশ যখন স্বাধীন হলো, এই দেশের প্রায় কিছুই ছিল না। তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালে যে বাজেট ঘোষণা করেছিলেন, তা ছিল ৫০১ কোটি টাকার। এখন আমাদের বহু ব্যক্তিমালিকানাধীন কোম্পানির বার্ষিক বাজেট ১৯৭২-এ আমাদের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আমাদের দেশের বহু মানুষ দুবেলা খেতে পেত না। পায়ে স্যান্ডেল পরা ছিল বিলাসিতা। স্পঞ্জের স্যান্ডেল ছিল লেটেস্ট ফ্যাশন। স্পঞ্জের স্যান্ডেল পরে লোকে আত্মীয়র বাড়ি বেড়াতে যেত। রবীন্দ্রনাথের ছেলেবেলার মতো স্বাধীনতার পরের বছরগুলোয় আমাদের শৈশবেও পাদুকামাত্রই ছিল বাহুল্য। রবীন্দ্রনাথ পাদুকা অগ্রে অগ্রে নিক্ষেপ করে করে এগোতেন, আমরা স্যান্ডেল না পরে খালি পায়েই দৌড়ে যেতাম স্কুলে। স্বাধীনতার পর ন্যায্য মূল্যে শার্টের কাপড় দেওয়া হয়েছিল। সেই কাপড় নেওয়ার জন্য ভোররাতে গিয়ে লাইনে দাঁড়িয়েছিল আমাদের বাড়ির বড়রা। বলা বাহুল্য, ভিড়ের কারণে সেই কাপড় আমাদের পরিবারের কেউ পায়নি।তলাবিহীন ঝুড়ি ছিল এই দেশ। এই দেশ টিকবে না, ভায়াবল হবে না, মার্কিনিরা স্বাধীনতার আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল। কিন্তু টিকে গেছি তো। এখন এগিয়েও যাচ্ছি। নব্বই শতাংশের বেশি ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে। এই ছেলেমেয়েরা যখন বড় হবে, কর্মক্ষেত্রে যাবে, তখন দেশটাকে কি তারা পাল্টে দেবে না?আমাদের স্বপ্নের ঈদের দিন আসবে। কাজী নজরুল ইসলাম যাদের কথা লিখেছিলেন, ‘জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ’—তাদের দিনও পাল্টাবে। বছরের প্রতিটি দিন রোজার দিন হবে না। প্রতিটি দিনই হবে ঈদের দিন। শান্তি থাকবে। শৃঙ্খলা থাকবে। নিরাপত্তা থাকবে। খাদ্যের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা, চলাচলের নিরাপত্তা!দেখো, একদিন ঠিক এই দিন আসবে।নাজিম হিকমতের মতো করে বলি,দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে।আমাদের ছেলেরা বড় হবে।যে সমুদ্র সবচেয়ে সুন্দর তা আজও আমরা দেখিনি,সবচেয়ে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি,সবচেয়ে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি।মধুরতম যে কথা আমি বলতে চাই, প্রিয়ত০মা আমার, তা আজও আমি বলি নি।আমাদের সবচেয়ে সুন্দর ঈদের দিনগুলো আজও আমরা পাইনি। কিন্তু নিশ্চয়ই একদিন পাব।