স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দায় সাংবাদিক নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিএনপি-জামায়াত সমর্থক অংশ এবং জাতীয় প্রেসক্লাবের নেতারা।আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, তথ্যমন্ত্রী গত বুধবার কয়েকটি দৈনিক পত্রিকার সংবাদ পরিবেশন সম্পর্কে তথ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর। এর আগে তথ্যমন্ত্রী বলেছিলেন, শাহবাগ চত্বরে তরুণ প্রজন্মের আন্দোলন বিষয়ে দৈনিক ‘আমার দেশ’, ‘নয়া দিগন্ত’ ও ‘সংগ্রাম’ ‘জঙ্গি সাংবাদিকতা’ শুরু করেছে। অন্যদিকে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের আলামত নষ্ট ও মামলার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় হলো, সরকার শুরু থেকে এ হত্যাকাণ্ডের বিষয়ে অসংলগ্ন মন্তব্য করে আসছে।’ সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘সাংবাদিকরাই সাগর-রুনির হত্যাকাণ্ডের আলামত নষ্ট করেছেন’ এমন বক্তব্য দিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। সাংবাদিক নেতারা দুই মন্ত্রীকে তাঁদের বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানান।বিবৃতি দেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।