নির্বাচনকালীন সরকার নিয়ে হুদার নতুন প্রস্তাব
স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা থাকবে বিরোধীদলীয় নেত্রীর হাতে
নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে নতুন একটি প্রস্তাব উপস্থাপন করেছেন বিএনপির নেতা নাজমুল হুদা। তিনি বলেছেন, ‘সরকার যে “অন্তর্বর্তীকালীন” সরকারের কথা বলছে তা হতে পারে। তবে সে ক্ষেত্রে সরকার ও বিরোধী দলকে নিয়ে যৌথভাবে ওই সরকার হতে হবে। আর স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকবে বিরোধীদলীয় নেত্রীর হাতে।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নিজস্ব এ মতামত তুলে ধরেন নাজমুল হুদা। বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামের একটি সংগঠন ‘শহীদ জিয়ার চেতনা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজমুল হুদা। তিনি আবারও ৫ জুনের মধ্যে প্রধানমন্ত্রীকে সংলাপে বসার আহ্বান জানাতে খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানান। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘সংলাপের আহ্বান জানালে আপনি ছোট হবেন না। আপনার অবস্থান অনেক ওপরে চলে যাবে।’একই সঙ্গে সংলাপের পরিবেশ সৃষ্টি করতে তিনি বিরোধী দলের কারাবন্দী নেতাদের মুক্তি দেওয়ার দাবি জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে নাজমুল হুদা বলেন, ‘দুই নেত্রী এক টেবিলে বসুন। এটা সম্ভব। দেশের ১৫ কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে।’