স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধী দলকে সংসদে যেতে বললেন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন,‘আপনারা হরতাল বন্ধ করুন। যদি কোনো কথা থাকে, তাহলে সংসদে গিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করুন।’ আজ বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।শামসুল হক বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হেনস্তা করা হতো। কিন্তু মহাজোট সরকার সেটা করবে না।হরতাল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হরতালের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করা হলে কাউকে বরদাশত করা হবে না। হরতালের দিন সব যানবাহন স্বাভাবিকভাবে চলাফেরা করবে এবং দোকানপাট খোলা থাকবে। হরতালের নামে কেউ যদি জনগণের কাজে বিঘ্ন ঘটায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে। আর সেই বিচারকাজকে ব্যাহত করতেই বিএনপি এই হরতালের ডাক দিয়েছে।