স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা থেকে গতকাল রোববার বিকেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের ভাতিজা আমিনুল হককে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ জানায়, মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় আমিনুলকে আটক করা হয়েছিল। তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগেই তাঁকে আটক করা হয়। আমিনুল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বড় ভাই বদিউল আলমের ছেলে।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে নয়, মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে আমিনুলকে আটক করা হয়। সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।তবে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিন ছিল গতকাল। মনোনয়নপত্রে ত্রুটির কারণে উপজেলার জাতসাকিনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আইয়ুব আলীর মনোনয়নপত্র বাতিল হয়। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা আমিনুল হক নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনকে মনোনয়নপত্রটি বহাল রাখতে বলেন। তবে তা না করায় ক্ষিপ্ত হয়ে আমিনুল হক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কক্ষে ঢুকে তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। নির্বাচন কর্মকর্তা বিষয়টি পুলিশকে জানালে বেড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করে।নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় কিছু লোক আমার কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু তারা কে বা কারা তা আমার জানা নেই। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।