স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আগামী ৫ মে পর্যন্ত স্থগিত করেছেই সাংবাদিক নেতারা। আজ শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ দুপুর ১২টায় তাঁর বাসভবনে সাংবাদিক নেতাদের এক চা-চক্রের দাওয়াত দেন। সেই চা-চক্র থেকে বের হয়ে এসে জাতীয় প্রেসক্লাবে বৈঠকে বসেন সাংবাদিক নেতারা। বৈঠক শেষে বিকেলে সাংবাদিক নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বাসায় ডেকেছিলেন। তিনি বলেছেন যে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি হয়েছে। এ সময় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সাগর-রুনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ পর্যন্ত বাংলাদেশে যত সাংবাদিক হত্যা হয়েছে, তার সবগুলোর তদন্ত শুরু করার জন্যও দাবি জানিয়েছি। এ ছাড়া সাংবাদিকেরা যাতে নিরাপদে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্যও দাবি জানিয়েছি। তিনি আমাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং বলেছেন এ পর্যন্ত হত্যা করা সব সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তের জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসও দিয়েছেন।’ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কারণে আমরা কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি স্থগিত করছি। তবে আমরা কর্মসূচি প্রত্যাহার করছি না। ৫ মের মধ্যে যদি সাংবাদিক দম্পতির হত্যাকারীরা গ্রেপ্তার না হয়, তাহলে ৬ মে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে রাখতে হবে, আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি না। যদি ৫ মের মধ্যে দাবি না মানা হয়, তাহলে প্রয়োজনে আমরা সব সংবাদপত্র ও টেলিভিশন বন্ধ রেখে ধর্মঘটও পালন করব।’স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আপনারা আসলেই আশ্বস্ত কি না, জানতে চাইলে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমাদের মধ্যে ক্ষোভ আছে। আমরা আমাদের ক্ষোভের প্রকাশ করব। কিন্তু আমরা কোনো উচ্ছৃঙ্খল কর্মসূচিতে যেতে পারি না। আমরা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। আমাদের আন্দোলনের কারণেই এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসলেন। আমরা তাঁকে ৫ মে পর্যন্ত সময় দিতে চাই।’এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।এর আগে আজ ৭ এপ্রিলের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কাল ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিলেন সাংবাদিক নেতারা। একই দিনে ঢাকার বাইরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ও ঘেরাও করা হবে বলে গত ১৮ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই দিনই ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দুই দিন পর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে। কিন্তু এখনো ঘটনার কোনো কিনারা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকেরা দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সাগর-রুনির হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক আদর্শে বিভক্ত সাংবাদিক সংগঠনগুলো।