স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে বেতন ও ভাতার অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নির্মাণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি উত্সব ভাতা (এক মাসের বেতন সমপরিমাণ) ও কর্মচারীরা এক মাসের বেতন দেবেন। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ২০১২-১৩ অর্থবছরের বাজেট বাস্তবায়নের কৌশল-সম্পর্কিত এক সভায় এবং পরবর্তী সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার প্রশাসনিক সচিব কমিটির সভায় সচিবেরা এভাবে পদ্মা সেতু নির্মাণে দুই দফায় উত্সব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্য মন্ত্রণালয়গুলোতেও এভাবে পদ্মা সেতু নির্মাণে অর্থ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মকর্তারা উত্সব ভাতা দেবেন দুই কিস্তিতে। দুই ঈদে অর্ধেক করে এ অর্থ দেবেন তাঁরা। কর্মচারীরা ৩০ মাসে এ অর্থ দেবেন ৩০ কিস্তিতে। তবে ইচ্ছা করলে কেউ এর চেয়ে বেশি অর্থও দিতে পারবেন।এদিকে সেতু নির্মাণে এভাবে বেতন ও বোনাস দেওয়ার বিষয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, সবাই ঈদের আগে উত্সব ভাতার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু এ ভাতার অর্ধেকই দিয়ে দেওয়া হলে তাদের বাজেটে টান পড়বে। কয়েকজন কর্মচারী বলেন, তাঁরা এমনিতেই অনেক কম বেতন পান, এর মধ্যে প্রতি মাসে যদি তাঁদের বেতন এভাবে কেটে রাখা হয়, তবে সংসার চালাতেই হিমশিম খেতে হবে।