স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোহেল তাজ, পরামর্শ নিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রণালয় পরিচালনার বিষয়ে পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের পরামর্শ নিলেন উত্তরসূরি শামসুল হক। গত ৪ জুন পদত্যাগের প্রায় আট মাস পর গতকাল দুপুরে সোহেল তাজ আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সোহেল তাজ আসছেন এ খবর পেয়ে একটি সভা থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ দপ্তরে আসেন। খবর পেয়ে অসংখ্য গণমাধ্যমকর্মী ও মন্ত্রণালয়ের কর্মচারীরাও ভিড় করেন প্রতিমন্ত্রীর দপ্তরের সামনের বারান্দায়। কিছুক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। বর্তমান ও সাবেক দুই প্রতিমন্ত্রী প্রায় এক ঘণ্টা একান্তে কথা বলেন। বৈঠকের মধ্যখানে পুলিশের মহাপরিদর্শক (আইজি), র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত আইজি প্রতিমন্ত্রীর দপ্তরে যান। বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের ভালোমন্দ জানতে চান সোহেল তাজ। লিফটের ভেতর সাংবাদিকেরা বারবার প্রশ্ন করলে তিনি নির্বাচনী এলাকার কাজ নিয়ে মন্ত্রণালয়ে এসেছিলেন বলে জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর অভিজ্ঞতা জেনেছি। তিনি কিছু পরামর্শ দিয়েছেন। আর কাপাসিয়া থানার লক্কড়ঝক্কড় গাড়ির পরিবর্তে একটি নতুন গাড়ি দিতে আবেদন করেছেন। তাত্ক্ষণিকভাবে একটি গাড়ি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী অথবা সাংসদ—কী পরিচয়ে তিনি এসেছিলেন, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সোহেল তাজ হিসেবেই এসেছিলেন।’ তিনি এখনো প্রতিমন্ত্রী—কৃষিমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা তাঁর বলার বিষয় নয়। সরকারের ওয়েবসাইটে সোহেল তাজ এখনো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়েবসাইট তিনি করেননি।