স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা শুনছে না কারা অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কথাই শুনছে না কারা অধিদপ্তর। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিভিন্ন পদে যেমন লোক নিয়োগ করা হচ্ছে, তেমনি বদলি ও পদোন্নতির ক্ষেত্রেও মন্ত্রণালয়ের ধার ধারছে না কারা প্রশাসন। মন্ত্রণালয় থেকে পাঠানো আটটি চিঠিতে এমন অভিযোগ করা হয়েছে।জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) প্রথম আলোকে বলেন, কারা অধিদপ্তর আইন ভঙ্গ করে নিয়োগ, পদোন্নতি দিয়েই যাচ্ছে। বিভিন্ন সময় চিঠি দিয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোনো জবাব দিচ্ছে না।তবে কারা মহাপরিদর্শক (আইজি) আশরাফুল ইসলাম খান উল্টো মন্ত্রণালয়কেই অভিযুক্ত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, একটার পর একটা চিঠি দিয়ে মন্ত্রণালয় হঠকারিতার পরিচয় দিয়েছে। এসব চিঠির কোনো আইনগত ভিত্তি নেই।সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কারা প্রশাসন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করে। কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতিও দেওয়া হয়। এসব নিয়োগের মধ্যে রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের মতো গুরুত্বপূর্ণ পদ। গত ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে অভিযোগ করা হয়, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ঢাকা ও রাজশাহী কারা উপমহাপরিদর্শক পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আইন ও নিয়ম অনুসরণ করা হয়নি। এ ব্যাপারে কারণ দর্শাতে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের আরেক চিঠিতে বলা হয়, নিয়ম ভঙ্গ করে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক গোলাম হায়দারকে পদোন্নতি দিয়ে ডিআইজি (প্রিজন) করা হয়েছে। কিশোরগঞ্জের তত্ত্বাবধায়ক জহির উদ্দিন বাবরকে সহকারী এআইজির (প্রশাসন) চলতি দায়িত্বে দেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের ডিআইজি নিয়োগ করা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিককে। এ ছাড়া দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা কারাগারের জেলারের পদে উপ-জেলার পদের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে কারও অনুমতি নেওয়া হয়নি বলে মন্ত্রণালয় অভিযোগ করেছে।কারা সূত্র জানায়, ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার ২০০৯ সালের ৯ এপ্রিল থেকে কারা অধিদপ্তরে ডিআইজির পদে চলতি দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের মে মাসে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন মেজর সাইফুল ইসলাম সেনাবাহিনীতে ফিরে যাওয়ার পর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই গোলাম হায়দারকে এ পদে অতিরিক্ত দায়িত্বে বসানো হয় বলে উল্লেখ করা হয়।সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে আইজি প্রিজনের কাছে জানতে চাওয়া হয়, কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন পদে চলতি দায়িত্বে থাকা গোলাম হায়দার এক ধাপ ওপরের দুটি পদে কীভাবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয় গোলাম হায়দারের দায়িত্ব পালনের আদেশও বাতিল করতে বলে।একইভাবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক, কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলারের চলতি দায়িত্বে থাকা জহির উদ্দিন বাবর নিজ পদের ওপরের পদে কীভাবে দায়িত্ব পালন করছেন, সে বিষয়েও মন্ত্রণালয় ব্যাখ্যা চায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এসব চিঠির মধ্যে কয়েকজনের পদোন্নতির ব্যাপারে ব্যাখ্যা দেয় কারা প্রশাসন। এতে বলা হয়, বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্বে) ছগির মিয়ার চাকরি পাঁচ বছর পূর্ণ হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীর কবির ও কামাল হোসেন বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর ও সিলেট কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ তত্ত্বাবধায়কের চলতি দায়িত্বে আছেন। কেন্দ্রীয় কারাগারে কারা তত্ত্বাবধায়কের পদটি খুবই গুরুত্বপূর্ণ। সহকারী কারা মহাপরিদর্শকের পদটি সিনিয়র তত্ত্বাবধায়কের নিচের পদ। এ পদের প্রশাসনিক দায়িত্বও কম। কেন্দ্রীয় কারাগারের পদটি শূন্য থাকলে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। এ আশঙ্কার কারণেই এসব পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি বলে কারা প্রশাসনের চিঠিতে উল্লেখ করা হয়।সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে কারা অধিদপ্তরে পাঠানো চিঠিতে জানানো হয়, ছয়জন উপকারাধ্যক্ষকে পদোন্নতির ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি। এ ক্ষেত্রে শুধু সরকারি কর্মকমিশনের সুপারিশ নেওয়া হয়েছে। এটা সচিবালয় নির্দেশমালার পরিপন্থী বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়।সচিবালয় নির্দেশমালার ১৫৮ ও ১৬০ অনুচ্ছেদ বলা হয়েছে, ‘কোন মন্ত্রণালয় বা বিভাগের প্রস্তাব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মতি ছাড়া সচিবালয়ের বাইরের কোন প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ বা কর্মকর্তার কাছে পাঠানো যাবে না। সংস্থাগুলোর সরকারি বিষয়ের ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয়ের মাধ্যমে পরামর্শ নিবে।’ কিন্তু কারা প্রশাসন এ নিয়ম মানছে না।মন্ত্রণালয়ের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক (আইজি) আশরাফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা মোট আটটি চিঠি দিয়েছে। তিনি বলেন, ওই সময় তিনি দেশে না থাকায় জবাব দিতে পারেননি। তিনি অভিযোগ করেন, এসব চিঠি কর্মকর্তাদের নামে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উচিত ছিল আইজির নামে পাঠানো। তিনি বলেন, ‘আমি যা করেছি, জেল কোডের বিধান অনুসারে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলাপ-আলোচনা করে করেছি। আমি এসব চিঠিতে ভয় পাই না।’মন্ত্রণালয়ের কারা শাখার উপসচিব আলম আরা বেগম অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।