স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে মারধর ও হত্যাচেষ্টা চালানোর অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ পুলিশের ৪০০ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে মহানগর হাকিম হারুনর রশিদ এ রায় দেন।আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিএনপি-সমর্থক আইনজীবী এ এন এম আবেদ রাজা বাদী হয়ে মামলাটি করেন। বেলা সাড়ে ১১টার দিকে মামলার শুনানি শেষ হয়।মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, মহানগর কমিশনার বেনজির আহমেদ, র‌্যাবের কমান্ডার মেজর এহসান, পল্টন থানার ওসি শহিদুল ইসলামসহ পুলিশের ৪০০ সদস্যকে আসামি করা হয়েছিল।মামলার বাদী অভিযোগে বলেন, গত ৪ জুলাই হরতালের সমর্থনে একটি মিছিল বের হলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ বাধা দেয়। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এলোপাতাড়ি লাঠিপেটা করে। মিছিলকারীরা দৌড়াতে থাকলে মামলা বাদীও বিএনপির কার্যালয়ের দিকে দৌড় দেন। পুলিশ তাঁকে কলার ধরে মারধর শুরু করে এবং বলে যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাব লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ দিয়েছেন। এ সময় পুলিশ ‘তোর হাড্ডিগুড্ডি ভেঙে প্রাণে মেরে ফেলব’ বলে বাদীকে মারধর শুরু করে।বাদী আরও অভিযোগ করেন, এর আগে পুলিশ গত ১৩ জুন বিএনপির কার্যালয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। ওই দিন সাংসদ নাজিমউদ্দিন আলম ও হারুনর রশিদকে গ্রেপ্তার করার সময় বাধা দিলে তাঁকে মারধর করা হয়।বিলম্বে মামলা দায়ের করা সম্পর্কে বাদী অভিযোগে বলেন, চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করায় এতে বিলম্ব হয়েছে।