স্বরাষ্ট্রমন্ত্রী ভারত যাচ্ছেন কাল
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পাঁচ দিনের সফরে কাল মঙ্গলবার ভারত যাচ্ছেন। আজ সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধের আমন্ত্রণে ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সে দেশে অবস্থান করবেন মহীউদ্দীন খান আলমগীর। ভারত সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও থাকবেন। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা, সীমান্ত-ব্যবস্থাপনা, সক্ষমতা তৈরি ও আন্তর্জাতিক সীমান্তে অবকাঠামো উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হায়দরাবাদে অবস্থিত জাতীয় পুলিশ অ্যাকাডেমিও পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের শিগগিরই প্রশিক্ষণ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ-সহায়তা দিতে ভারত অঙ্গীকারবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।