সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা-কারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছেন সাংবাদিক নেতারা।গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করে ৫ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই সময়ের মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো।সাগর-রুনি হত্যা মামলা ও সাংবাদিক নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাঁর বাসভবনে গতকাল দুপুর ১২টায় সাংবাদিক নেতাদের চা-চক্রের দাওয়াত দেন। ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা এই বৈঠকে যোগ দেন। প্রায় দুই ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সাংবাদিক নেতারা যান জাতীয় প্রেসক্লাবে। সেখানে নিজেদের মধ্যে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাগর-রুনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। এ পর্যন্ত বাংলাদেশে যত সাংবাদিক হত্যা হয়েছে, কোনোটিরই তদন্ত হয়নি। এ ব্যাপারেও বলেছি। এ ছাড়া সাংবাদিকেরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার দাবিও জানিয়েছি।’ তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাগর-রুনি হত্যা মামলা তদন্তের অগ্রগতি হয়েছে।ইকবাল সোবহান বলেন, ‘আগামী ৫ মের মধ্যে যদি সাংবাদিক দম্পতির হত্যাকারীরা গ্রেপ্তার না হয়, তাহলে ৬ মে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, সাগর-রুনি হত্যার তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি আছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংবাদিক নেতাদের মধ্যে আরও ছিলেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, সৈয়দ আবদাল আহমদ, ওমর ফারুক, আবদুস শহিদ, এম আবদুল্লাহ, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান, বাকের হোসাইন, শাবান মাহমুদ প্রমুখ।গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। পরদিন গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এর দুই দিন পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে। এরপর প্রায় দুই মাস পার হয়েছে। কিন্তু এখনো এই খুনের ঘটনার কোনো কূলকিনারা হয়নি, জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।