পাকিস্তানে বিচারবহির্ভূত হত্যা
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও নিরাপত্তাহীনতায় ক্যামেরাম্যান সমরু
পাকিস্তানের করাচিতে রেঞ্জারস সদস্যদের হাতে কিশোর সরফরাজ শাহের নিহত হওয়ার দৃশ্য ধারণকারী ক্যামেরাম্যান আবদুল সালাম সমরু চরম নিরাপত্তা হুমকিতে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের নির্দেশের পরও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর কাছ থেকেই তিনি হুমকি পাচ্ছেন। এ কারণে সমরু আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন।পাকিস্তানের জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামিদ মির আজ বুধবার প্রথম আলোকে এ কথা জানান। তিনি জানিয়েছেন, ওই তরুণের হত্যাকাণ্ডের নির্মম দৃশ্য সমরু প্রচার ও প্রকাশ করেন এবং এরপরই থেকেই হুমকি পেতে শুরু করেন। এ কারণে গত শুক্রবার ক্যামেরাম্যান সমরু ও প্রতিবেদক জাহিদ খোকর করাচি ছেড়ে ইসলামাবাদে আসেন।হামিদ মির জানিয়েছেন, শুক্রবার তিনি সংশ্লিষ্ট ক্যামেরাম্যান সমরু ও প্রতিবেদক জাহিদ খোকরকে কয়েকজন মন্ত্রীর কাছে নিয়ে যান এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। একই দিন পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষ সমরুকে নিরাপত্তা দিতে আদেশ দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকও নিরাপত্তা বাহিনীকে সমরুর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু পরের দিন ওই নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেই সমরুকে হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি আত্মগোপনে চলে যান।হামিদ মির জানিয়েছেন, সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন এবং রেঞ্জারসের প্রধান এক মেজর জেনারেলকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু ক্যামেরাম্যান সমরু নিরাপদ নন।ঘটনার বিবরণ দিয়ে হামিদ মির জানান, ক্যামেরাম্যান আবদুল সালাম সমরু গত সপ্তাহে প্রতিবেদক জাহিদ খোকরের সঙ্গে করাচির বেনজির ভুট্টো পার্কে কাজ করছিলেন। তখন তাঁরা দেখেন রেঞ্জারস সদস্যরা সরফরাজ শাহ নামের একটি ছেলেকে গ্রেপ্তার করেছে এবং তাঁরা তাঁদের কর্মকর্তাদের কাছে তাঁকে নিয়ে গেছেন। সরফরাজ অপর এক সাংবাদিকের ছোট ভাই। সমরু সরফরাজের ভিডিও ধারণ করতে থাকেন এবং একপর্যায়ে পায়ে গুলিবিদ্ধ হয়। সে রেঞ্জারস সদস্যদের কাছে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আকুতি জানায়। সমরু এই আকুতিও রেকর্ড করেন এবং পরে তিনি ক্যামেরা নিয়ে সরে পড়েন। রেঞ্জারস সরফরাজকে একজন ডাকাত বলে অভিহিত করে এবং দাবি করে যে সে এনকাউন্টারে নিহত হয়েছে।চলতি বছর সাতজন সাংবাদিককে হত্যা ও সমরুকে হুমকি দেওয়ার বিরুদ্ধে কাল বৃহস্পতিবার বেলা তিনটায় সাংবাদিকেরা পাকিস্তানের পার্লামেন্টের সামনে ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন হামিদ মির। এ কর্মসূচিতে কয়েকজন মন্ত্রীসহ সব রাজনৈতিক দল যোগ দেবে। সাংবাদিকদের এ প্রতিবাদ কর্মসূচিতে মন্ত্রী ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণ সম্পর্কে হামিদ মির বলেছেন, ‘তাঁরা এ বার্তা দিতে চান যে পাকিস্তানে সরকার থাকলেও যাদের অস্ত্রের ক্ষমতা আছে, প্রকৃত ক্ষমতা এখনো তাদেরই কাছে।’সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নেশন পত্রিকার অনলাইনে জানানো হয়েছে, পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে সিন্ধু প্রদেশের পুলিশ মহাপরিদর্শক ফায়াজ লাঘারিকে গতকাল মঙ্গলবার তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।