স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ময়মনসিংহে শিশু রাব্বি নিহত হওয়ার পরও কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করছেন? স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা।’ জনগণ স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য জুতার মালা তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সাংসদ গিয়াসউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গ্রহণের প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ কর্মসূচির আয়োজন করে।প্রসঙ্গত, ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত হয়। নিহত শিশুটির নাম রাব্বি (১০)। সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের বয়ড়া গ্রামের টেম্পোচালক দুলাল মিয়ার ছেলে। শিশু রাব্বি হত্যার বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ আজ এ কথা বলেন।বিরোধীদলীয় চিফ হুইপ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি দীর্ঘদিন পর আপনার পিতার খুনিদের বিচার করেছেন। এখন যদি দেশে সত্যিকার আইনের শাসন চলে, তাহলে জিয়াউর রহমানের আত্মস্বীকৃত খুনি সাংসদ গিয়াসকে বিচারের আওতায় আনুন।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এসব আত্মস্বীকৃত খুনিদের বিচার করা হবে।’বিএনপির সংসদে যোগ দেওয়া প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনার নিশ্চয়তা দিলে আসন্ন অধিবেশনে যোগ দেবে বিএনপি। অন্যথায় বিএনপি রাজপথেই থাকবে।’