সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ডাকা সংবাদ সম্মেলনে মেলেনি অনেক প্রশ্নের উত্তর। সাংবাদিকদের প্রশ্ন ছিল এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে। কিন্তু সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর না দিয়েই অল্প সময়ের মধ্যে সংবাদ সম্মেলন শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজন পেশাদার খুনি। তাঁদের মধ্যে চিকিত্সক নিতাই চন্দ্র রায় হত্যাকাণ্ডের ঘটনায় গাড়িচালক কামরুলও ছিলেন। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন ছিল, পেশাদার খুনিরা কেন সাংবাদিক দম্পতিকে খুন করল? সাংবাদিক দম্পতি হত্যার সঙ্গে পেশাদার খুনি বা চোরদের সম্পর্ক কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তের পরই এসব প্রশ্নের উত্তর মিলবে। সাংবাদিকেরা আরও জানতে চান, চিকিত্সক নিতাই হত্যার সঙ্গে এই হত্যার যোগসূত্র কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ‘তদন্তনাধীন’ বলে এড়িয়ে যান। তদন্তের পরেই সব জানা যাবে বলে জানান। সাংবাদিকদের প্রশ্ন ছিল, কতজন এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল? কী কারণে এতজন মিলে তাঁদের হত্যা করল? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত করতে দেন।’ এ সময় খুনের সম্ভাব্য কারণ সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা। মন্ত্রী বলেন, ‘তদন্তের পরই সব জানা যাবে। যিনি তদন্ত করছেন তাঁর জায়গায় নিজেকে কল্পনা করুন।’ একপর্যায়ে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘চারদলীয় জোট সরকারের সময় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার মতো নতুন কোনো নাটক হবে কি না?’ এ প্রশ্নের উত্তরে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমরা এখানে কোনো নাটক সাজাতে আসিনি। জজ মিয়ার মতো কোনো নাটক করে জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রবাহিত করা কোনো ইচ্ছা এই সরকারের নেই।’সাংবাদিকেরা আরও প্রশ্ন করতে চান। সাংবাদিকদের অনেকেই ‘মাননীয় মন্ত্রী’ ‘মাননীয় মন্ত্রী মহোদয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেন। সহকর্মী ও বন্ধু সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করতে চান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই খুব অল্প সময়ের মধ্যে সংবাদ সম্মেলন শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানাতেই তিনি সংবাদ সম্মেলন করেছেন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, হত্যাকাণ্ড সম্পর্কে যতটুকু বলার ছিল মন্ত্রী তা বলে দিয়েছেন। এই সংবাদ সম্মেলনে জড়ো হওয়া সাংবাদিকেরা জেনেছেন তাঁদের সহকর্মীদের হত্যাকাণ্ডের ঘটনায় সাত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তানভীর নামে তাঁদের এক পারিবারিক বন্ধুকে সন্দেহ করা হচ্ছে। মামলার আরও সন্দেহভাজন হুমায়ুন বা এনামুলকে ধরতে সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।এদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দ্য ইনডিপেনডেন্টকে মেহেরুন রুনির ভাই নওশের নোমান মুঠোফোনে জানান, পারিবারিক বন্ধু তানভীর সম্পর্কে তাঁরা কেউ কিছু জানেন না। এই নামে সাগর-রুনি দম্পতির কোনো বন্ধু ছিল কি না, তাঁদের জানা নেই। তাহলে কে এই তানভীর? এই প্রশ্নেরও মিলল না উত্তর। এর আগে গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেছিলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য আগামী ১০ অক্টোবরের মধ্যে উদঘাটন করা সম্ভব হবে। ওই সময় তিনি বলেছিলেন, ‘সরকার সর্বোচ্চ মনোযোগ দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্তের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত এ মামলায় আমরা যেসব তথ্য পেয়েছি, এর ভিত্তিতে বলতে পারি, আগামী মাসের ১০ তারিখের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’ তবে সংবাদ সম্মেলনের পরও সেই রহস্য থেকেই গেল। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।এরপর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন।