স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খারাপ পুলিশদের’ বিরুদ্ধে গত সাড়ে তিন বছরে ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিয়মিত আয়োজন ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা-পরিস্থিতি বিষয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।সাম্প্রতিক সময়ে পুলিশের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এক লাখ ৪১ হাজার পুলিশ সদস্য রয়েছে। এর মধ্যে সব পুলিশ যে ভালো হবে, এমনটি নয়। কিছু খারাপ পুলিশও রয়েছে। এই খারাপ পুলিশদের বিরুদ্ধে গত সাড়ে তিন বছরে যখনই অভিযোগ উঠেছে, তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। খারাপ পুলিশের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা প্রক্রিয়া। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রথমে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার বা সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়। তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন। সর্বশেষ গাজীপুরে পুলিশের বিরুদ্ধে আসামিকে সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া ঘটনারও তদন্ত চলছে বলে জানান তিনি।মন্ত্রী বলেন, ‘কাজ করতে গেলে ভুল হতে পারে। আপনারা (সাংবাদিকেরা) সেসব ভুল শুধরে দিলে তা পাথেয় হয়ে থাকবে।’ সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের ওপর চাপ সৃষ্টির জন্য আমি তাঁদের ৪৮ ঘণ্টার একটা সময় বেঁধে দিয়েছিলাম। এ ঘটনার তদন্ত এখনো চলছে। তদন্ত চলাকালীন আমি কিছু বলব না।’ বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়েও তদন্ত চলছে বলে তিনি জানান।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে বলেছেন—এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিমন্ত্রী এমন কোনো কথা বলেননি বলে তাঁকে (সাহারা খাতুন) জানিয়েছেন।’সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে মহলবিশেষের ইন্ধন থাকতে পারে কি না, এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা হতে পারে। তা না হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে কথা বলেননি, তা নিয়ে এত সমালোচনা হচ্ছে কেন?’আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার রয়েছে। ক্রসফায়ার, গুম, গুপ্তহত্যাসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডগুলোতে এ সরকারের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আপনারা কি চান না সন্ত্রাসীরা ধরা পড়ুক? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সন্ত্রাসী ধরা। সন্ত্রাসী ধরতে গেলে তারা যদি গুলি চালায়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যটা কী হবে, আপনারাই বলেন। জীবন রক্ষার্থে তখন গুলি চালাতেই হবে। এ জন্য কী তারা সন্ত্রাসী ধরতে যাবে না।’অভিযোগ আছে, কথিত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধে যারা নিহত হয়েছে তাদের অনেকের পরিবার বলেছে, ঘটনার কয়েক দিন আগে তাদের ধরে নেওয়া হয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাহারা খাতুন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তাঁরা যেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।’গত ১১ মে ধানমন্ডিতে সাংবাদিক বিভাস চন্দ্র সাহা বাসচাপায় নিহত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। ২৬ মে রাজধানীর আগারগাঁওয়ে ছাত্রী বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিক। ২৮ মে রাতে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের কার্যালয়ে প্রতিষ্ঠানটির দুই সাংবাদিককে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। ২৯ মে আদালত চত্বরে পুলিশের দ্বারা এক তরুণী ও তাঁর মা-বাবার নির্যাতনের খবর সংগ্রহের সময় পুলিশের লাঠিপেটার শিকার হন আরও তিন সাংবাদিক। এসব ঘটনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিআরইউর মিলনায়তনে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন।