বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, স্বাধীনতার পর কখনো বিরোধী দলের চিফ হুইপের ওপর হামলার ঘটনা ঘটেনি। এমনকি পাকিস্তান আমলেও এমনটা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। যদি জয়নুল আবদিন ফারুকের কিছু হয় তাহলে সারা দেশে আগুন জ্বলবে। আর সে আগুনে সরকারের পতন হবে বলে তিনি হুমকি দিয়েছেন।চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির এই নেতা এসব অভিযোগ করেন। সংসদ ভবনে ঢোকার মুখে টানেলের পূর্ব পাশে আজ সকাল নয়টা ৪০ মিনিট থেকে বিএনপির সাংসদরা অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর তাঁরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে টানেলের পূর্ব পাশ থেকে পশ্চিমে যান এবং পশ্চিম থেকে সংসদ ভবনের ভেতরে গিয়ে তাঁদের মিছিলটি শেষ হয়। অবস্থান কর্মসূচিতে সংরক্ষিত নারী আসনের পাঁচ সদস্যসহ ১৭ জন সাংসদ অংশ নেন।মাহবুব উদ্দিন আরও অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শুধু আওয়ামী লীগই অসাংবিধানিক ও সামরিক সরকারকে ক্ষমতা দখলের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। কর্মসূচি থেকে জয়নুল আবদিনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তাঁরা অভিযোগ করে বলেন, হতে পারে জয়নুল আবদিন বিরোধী দলের চিফ হুইপ। কিন্তু তাঁর পদটি সাংবিধানিক। এ বিষয়ে সংসদে নিন্দা প্রস্তাব পাস করা উচিত ছিল। একই সঙ্গে সংসদের সীমারেখার মধ্যে সাংসদদের ওপর আর কখনো যেন পুলিশ হামলা করতে না পারে, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন সাংসদরা।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হারুনুর রশিদ,এ বি আশরাফ উদ্দিন, আবদুল মোমিন তালুকদার, এ কে এম হাফিজুর রহমানসহ প্রমুখ।