স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। এর মাধ্যমে হত্যা রহস্যের জট খোলেনি বলেও মন্তব্য করেছেন তাঁরা। আজ বুধবার নিজেদের মধ্যে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এমন মন্তব্য করেছেন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এ ছাড়া বিএফইউজের আরেক অংশের সভাপতি রুহুল আমীন গাজী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহীদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, সাগর-রুনীর হত্যা রহস্যের উন্মোচন, দেশজুড়ে সাংবাদিক হত্যা-নিপীড়ন বন্ধ এবং সব সাংবাদিক হত্যার বিচার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় কাল বৃহস্পতিবার সাগর-রুনীর স্মরণসভা অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই দিনই ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশকে নির্দেশ দেন তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। দুই দিন পর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘তদন্তের প্রণিধানযোগ্য অগ্রগতি’ হয়েছে। কিন্তু এখনো ঘটনার কোনো কিনারা হয়নি। এ নিয়ে রাজনৈতিক আদর্শে বিভক্ত সাংবাদিক সংগঠনগুলো এক হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।