স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর করা একটি মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মহীউদ্দীন খান আলমগীরের এক আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় দেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী থাকাকালে ২০০১ সালের ১৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত সময়ে ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ তছরুপের চেষ্টার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি করেন তত্কালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুস সোবহান। ২০০২ সালের ১৩ মে করা ওই মামলায় মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে ৮১ কোটি ৬০ লাখ টাকা অবমুক্তির জন্য পরিপত্র জারির নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। ২০০২ সালের ২৮ আগস্ট এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। পরে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মহীউদ্দীন খান আলমগীর। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরই আদালত মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করেন। রুলে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় দেওয়া হয়। আদালতে মহীউদ্দীন খান আলমগীরের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে খুরশিদ আলম খান বলেন, অর্থ তছরুপের চেষ্টার অভিযোগ আনা হলেও মহীউদ্দীন খান আলমগীর আর্থিকভাবে লাভবান হননি। সেদিক বিবেচনা করে আদালত মামলাটি বাতিল ঘোষণা করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের বিষয়টি দুদককে অবহিত করা হবে। আপিলের বিষয়ে দুদকই সিদ্ধান্ত নেবে।