স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি
কেনো আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে গোপনে শীর্ষ সন্ত্রাসী বিকাশ বিশ্বাসকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি কমিটি।সংসদীয় কমিটি ভবিষ্যতে এ ধরনের বন্দী মুক্তি দেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর সুপারিশ করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মুজিবুল হক (চুন্নু) সাংবাদিকদের বলেন, বৈঠকে কমিটির সভাপতি ছায়েদুল হক নিজেই বিকাশ বিশ্বাসের প্রসঙ্গটি তোলেন। তিনি জানতে চেয়েছেন, বিকাশকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে কেন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় বিকাশকে মুক্তি দেওয়া হয়েছে। ১৫ বছর ধরে বিকাশ কারাবন্দী ছিলেন। জেলগেট থেকে তাঁকে আবার গ্রেপ্তার করার মতো যথাযথ কোনো কারণ পুলিশের কাছে ছিল না।’ সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে কারা অধিদপ্তরের কর্মকাণ্ড এবং দীর্ঘমেয়াদি বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সাজা মওকুফ ও মুক্তিপ্রক্রিয়া সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ ছাড়া কারাগারকে সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী বিকাশকে মুক্তি দেওয়া হয়। তাঁকে মুক্তি দেওয়ার সময় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর নিয়ম থাকলেও তা করা হয়নি। বিকাশকে ১৯৯৭ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।বৈঠকে পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে হোটেল শেরাটনের (বর্তমানে রূপসী বাংলা) সামনে বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে। সংসদীয় কমিটি মামলাটি ভবিষ্যতে যাতে আর পুনরুজ্জীবিত না হয়, সে ব্যবস্থা নিতে বলেছে। কমিটির মতে এই মামলার মাধ্যমে তত্কালীন যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমকে ফাঁসানো হয়েছিল। ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মির্জা আজম, মুজিবুল হক (চুন্নু), সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খান, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ অংশ নেন।