স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করেছেন।প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া তাঁর সঙ্গে ছিলেন এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, আ স ম হান্নান শাহ ও আবদুল্লাহ আল নোমান।বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ‘ইলিয়াস আলীকে উদ্ধারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমরা তাঁর আশ্বাসে আশাবাদী।’ মির্জা ফখরুল বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, সরকারের লোকজন তাঁকে উঠিয়ে নিয়ে গেছে।’ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এই ধরনের এক নেতার গুম হওয়া গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত।’ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকও উপস্থিত ছিলেন বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান। মির্জা ফখরুল বলেন, ‘সরকারের লোকজন ইলিয়াস আলীকে উঠিয়ে নিয়ে গেছে’, বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘এমনটি হওয়ার কথা নয়। তার পরও বিরোধী দলের কাছে এমন কোনো তথ্য থাকলে, সেই তথ্য দিয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি।’