স্বরাষ্ট্রসচিবসহ ৪ জনের প্রতি আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মানবাধিকার-বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীমকে বিদেশে যেতে বাধা দেওয়ার ঘটনায় স্বরাষ্ট্রসচিবসহ চারজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ইমিগ্রেশন) সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পরে নাসিরউদ্দিন অসীম প্রথম আলোকে বলেন, এর আগে করা এক রিটে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্দেশনা সত্ত্বেও তাঁকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়।গতকাল সোমবার নাসিরউদ্দিন অসীম বিদেশ যেতে বাধা দেওয়ায় স্বরাষ্ট্রসচিবসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন। তিনি বলেন, স্ত্রী ও দুই সন্তানসহ লন্ডনের উদ্দেশে রোববার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন পুলিশ বাধা দেয়। এতে আদালত অবমাননা হয়েছে বলে তিনি আবেদন করেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে গত বছর হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী অসীম। এ পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর আদালত তাঁকে ‘বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না,’ তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে বিদেশ যেতে এবং ফিরে আসতে বাধা না দিতে নির্দেশ দেওয়া হয়। ওই রুল এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।