এক আসামির দণ্ড মওকুফে রাষ্ট্রপতি বা সরকারের ক্ষমা-সংক্রান্ত নথি না আসায় স্বরাষ্ট্রসচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। মারধরের কারণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সরোয়ার কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৯৮১ সালের ২৫ জুলাই কক্সবাজারের টেকনাফ থানায় মামলা করা হয়। ওই মামলায় ১৯৮৯ সালের ২৬ জুলাই বিচারিক আদালতের রায়ে তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্ট সরোয়ার কামালের দণ্ড দুই বছর কমিয়ে আট বছর সাজার রায় দেন। একই সঙ্গে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।সরোয়ার কামালের আইনজীবী এস এম জাফর সাদিক প্রথম আলো অনলাইনকে বলেন, সরোয়ার কামালের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সালের ১২ এপ্রিল রাষ্ট্রপতি তাঁর সাজা মওকুফ করেন। হাইকোর্টের রায় বিচারিক আদালতে পৌঁছালে ১৯৯৭ সালের ৩১ আগস্ট সংশ্লিষ্ট আদালত সরোয়ার কামালের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ আদেশের বিরুদ্ধে সরোয়ার কামাল হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন দায়ের করেন। প্রাথমিক শুনানির পর ১৯৯৭ সালের ২৯ অক্টোবর হাইকোর্ট পরোয়ানার আদেশের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে আদালত রুলও জারি করেন। রুলের শুনানিকালে ১৫ মার্চ আদালত সাজা মওকুফের আদেশের নথি ২১ মার্চের মধ্যে আদালতে দাখিল করতে বলেন।আদালতে আবেদনকারীর পক্ষে এস এম জাফর সাদিক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ। জাফর সাদিক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুসারে সাজা মওকুফের নথি উপস্থাপন না করায় আদালত স্বরাষ্ট্রসচিবের প্রতি স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেছেন। আগামী ৮ এপ্রিল বিষয়টি শুনানির জন্য আসবে বলে তিনি জানান।