স্বরূপকাঠিতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় গতকাল শুক্রবার রাতে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আজ শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করে।নিহতেরা হলেন—শিউলী বেগম ও তাঁর মেয়ে সুবর্ণা। স্থানীয় সূত্রে জানা গেছে, সেহাঙ্গল এলাকার জেলে তৌহিদুল ইসলাম গতকাল রাতে বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান। রাত আটটার দিকে তিনি বাড়ি ফিরে স্ত্রী শিউলী বেগম ও মেয়ে সুবর্ণাকে না পেয়ে খোঁজাখুঁজি করে আবার নদীতে মাছ ধরতে যান। আজ শনিবার ভোররাতে তিনি বাড়ি ফিরে স্ত্রী ও মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। সকাল সাতটার দিকে তাঁদের প্রতিবেশী শেফালী বেগম মাঠে গরু বাঁধতে গেলে মা ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন।সমুদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান মো. সবুর তালুকদার প্রথম আলো অনলাইনকে বলেন, খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) সুরেন্দ্রনাথ রায় বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিউলী ও সুবর্ণাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। মা-মেয়ের মুখমণ্ডলে ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে। তবে পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।