স্বরূপকাঠিতে হরতাল চলছে
নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গতকাল শনিবার স্থানীয় আওয়ামী লীগ এই হরতালের ডাক দেয়। হরতালের কারণে আজ শহরের দোকানপাট ও স্কুল-কলেজ বন্ধ রয়েছে। স্বরূপকাঠির সঙ্গে জেলার অন্যান্য উপজেলার বাস চলাচলও বন্ধ রয়েছে।সম্প্রতি পিরোজপুরের দুটি নির্বাচনী আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। আসন দুটি হলো: পিরোজপুর-১ ও পিরোজপুর-২। স্বরূপকাঠি, নাজিরপুর ও পিরোজপুর সদর উপজেলার সমন্বয়ে গঠন করা হয়েছে পিরোজপুর-১ আসন। পিরোজপুর-২ আসনটি করা হয়েছে জিয়ানগর, ভাণ্ডারিয়া ও কাউখালী উপজেলার সমন্বয়ে।স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, হরতালে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় পিরোজপুরের দুটি আসন পুনর্বিন্যাস করা হয়েছিল। পিরোজপুর-১ আসন গঠন করা হয়েছিল পিরোজপুর সদর, জিয়ানগর ও নাজিরপুর উপজেলার সমন্বয়ে। আর পিরোজপুর-২ আসনটি গঠিত হয়েছিল স্বরূপকাঠি, কাউখালী ও ভাণ্ডারিয়া উপজেলার সমন্বয়ে।