স্বর্ণ জয়ী সাঁতারু আরিফার আত্মহনন
মা-বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছে জাতীয় জুনিয়র ন্যাশনাল টিমের সোনা ও রুপা জয়ী সাঁতারু আরিফা খাতুন (১৫)। গতকাল সোমবার রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল নয়টায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হয়।জাতীয় সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম ও ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সম্পর্কে জানতে চাওয়া হলে ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার দুপুরে পারিবারিক কিছু বিষয়ে আরিফা খাতুনের সঙ্গে তার মা-বাবার মনোমালিন্য হয়। এরপর সে স্কুলে যায়। স্কুল থেকে বাড়িতে ফেরার পরও তার আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ করা যায়নি। সন্ধ্যার পর সে তার ঘরে চলে যায়। রাত নয়টার দিকে হঠাৎ তার ঘর থেকে গোঙানির শব্দ শুনে আরিফার মা-বাবা তাকে দরজা ভেঙে বের করে। এরপর আরিফাকে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক কিছু চিকিৎসার পর রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আরিফা খাতুন জাতীয় বয়সভিত্তিক সাঁতারে নয়টি সোনা ও বেশ কটি রুপা জিতেছিল।