স্বর্ণমন্দিরে মনমোহনকে কালো পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কালো পতাকা দেখিয়েছেন আন্না হাজারের কিছু সমর্থক। আজ রোববার মনমোহন সিং ও তাঁর স্ত্রী অমৃতসরে শিখদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে প্রার্থনা শেষে বের হওয়ার সময় সমাজকর্মী আন্না হাজারের কিছু সমর্থক লোকপাল বিল পাস না করার প্রতিবাদে তাঁকে কালো পতাকা দেখান। খবর টাইমস অব ইন্ডিয়ার।ভারতের স্বাধীনতা লাভের কিছুকাল আগে সংঘটিত ‘সাইমন কমিশন’-বিরোধী আন্দোলনের সময়ের জনপ্রিয় স্লোগান ‘যাও সাইমন যাও’ থেকে অনুপ্রেরণা নিয়ে আন্নার সমর্থকেরা ‘প্রধানমন্ত্রী যাও, জন লোকপাল বিল লও’ স্লোগান দিতে থাকেন। হঠাত্ এ ধরনের স্লোগানে প্রধানমন্ত্রী মনমোহনের নিরাপত্তারক্ষীরা অপ্রস্তুত হয়ে পড়েন।হারিন্দর সিং নামে আন্নার এক সমর্থক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কেউ যাতে সন্দেহ না করে, সে জন্য আমরা এখানে চারটি দলে ভাগ হয়ে সারা রাত অপেক্ষা করছিলাম।’হারিন্দর জানান, প্রধানমন্ত্রী মন্দির থেকে বের হওয়া মাত্রই তাঁরা একজন আরেকজনের সঙ্গে মুঠোফোনে আলাপ করে স্বর্ণমন্দিরের বাইরে জড়ো হন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এরপর মনমোহন কাছে আসতেই তাঁরা চিত্কার করে স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁদের হাতে ‘ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশন’ লেখা ব্যানার ছিল। তবে নিরাপত্তারক্ষীরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের ঘেঁষতে দেননি। হারিন্দর বলেন, এ প্রতিবাদের মাধ্যমে ভারতের মানুষের কাছে জন লোকপাল বিলের গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রীকে বোঝাতে চান তাঁরা।