স্বর্ণলতার বিয়ে নিয়ে হবে চারটি পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ পৌষ ফাগুনের পালা ধারাবাহিক নাটকের শততম পর্ব প্রচারিত হবে। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস কলকাতার কাছেই, উপকণ্ঠে ও পৌষ ফাগুনের পালা অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিচ্ছেন তানভীর হোসেন প্রবাল। এটি পরিচালনা করছেন আফসানা মিমি। নাটকে স্বর্ণলতা চরিত্রে অভিনয় করছেন আইরীন সুলতানা। কথা হলো তাঁর সঙ্গে।‘পৌষ ফাগুনের পালা’ আপনার প্রথম ধারাবাহিক?না, এর আগে ম্যান পাওয়ার নামে আরেকটি ধারাবাহিকে কাজ করেছি। এটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। প্রচারিত হয়েছিল আরটিভিতে। পৌষ ফাগুনের পালা আমার দ্বিতীয় ধারাবাহিক। এ ছাড়া আরও কয়েকটি এক ঘণ্টার নাটকে কাজ করেছি। আসলে আমি টিভিতে কাজ করছি খুব বেশি দিন হয়নি।আপনার শুরুটা কীভাবে হয়েছিল?২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় আমি ‘বেস্ট স্মাইল’ পুরস্কার পেয়েছিলাম। এরপর র‌্যাম্প মডেল হিসেবে অনেক কাজ করেছি। সেখান থেকেই টিভি নাটকে আসা। এখন তো টিভি নাটকের কাজের জন্য র‌্যাম্পে তেমন সময়ই দিতে পারি না। তবে সম্প্রতি ঢাকা ফ্যাশন উইকে র‌্যাম্প মডেল হিসেবে অংশ নিয়েছি।এবার আপনার কাছ থেকে ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের কথা শুনব। শুনলাম, স্বর্ণলতার বিয়ে নিয়ে নাকি চার পর্ব সাজানো হয়েছে?হ্যাঁ, আর এই চার পর্বের কাজ করতে আমার লেগেছে ১০ দিন। এর আগে হিন্দুদের বিয়ে দেখেছি, তবে দূর থেকে। খুব সংশ্লিষ্ট ছিলাম না। কিন্তু এবার স্বর্ণলতার বিয়ে থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে। গায়েহলুদ, বিয়ে, বাসি বিয়ে—আরও কত কী! বিয়ের দৃশ্যগুলো ধারণ করার সময় মনেই হয়নি শুটিং হচ্ছে। সবার মধ্যেই বেশ আনন্দ আনন্দ ভাব ছিল। আর মিমি আপু (আফসানা মিমি) চমৎকার করে বিয়ের পুরো আবহ তৈরি করেছিলেন। কোন দৃশ্যটা আপনার খুব ভালো লেগেছে?বিদায় বেলার দৃশ্যটা। মহিষের গাড়িতে আমি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাব। ওখানে আমাকে কাঁদতে হবে। সত্যি সত্যি আমি তখন খুব কেঁদেছিলাম। আসলে দৃশ্যের কথা মনে করে নয়, দুটি মহিষই খুব রাগী ছিল। গাড়িতে ওঠার পর থেকে ওদের আচরণ দেখে আমি সেদিন ভয়ে কেঁদে ফেলেছিলাম। ওই দৃশ্যটার কথা ভেবে এখন দারুণ মজা পাচ্ছি।  বিনোদন প্রতিবেদক