স্বর্ণার মায়ের একটি ইচ্ছে
১.ফারজানা ও লিজা দুই বান্ধবী। তাঁরা রিকশাযোগে কলেজে যাচ্ছেন। মগবাজার এলাকায় হঠাৎ করে একটি কাভার্ডভ্যান ছুটে এসে তাঁদের রিকশাকে পেছন থেকে ধাক্কা দিল। নিয়ন্ত্রণ না রাখতে পেরে দুই বান্ধবী রিকশা থেকে ছিটকে পড়ে গেলেন। এবার পেছন থেকে কাভার্ডভ্যানটি এসে চাপা দিল ফারজানাকে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। কাভার্ডভ্যানের চালক নূরুল ইসলাম পালিয়ে গেল। ২.কামরুল আহসান মোহাম্মদপুরের একটি বায়িং হাউজের কর্মকর্তা। সকাল নয়টার দিকে তাঁর কর্মস্থলে যাওয়ার জন্য রিকশায় মিরপুর-১০ নম্বরের দিকে রওনা হলেন। একপর্যায়ে আয়ুর্বেদিক কলেজের সামনে ‘বাহন’ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে কামরুল রিকশা থেকে ছিটকে পড়েন এবং এই বাসটি তাঁকে পিষ্ট করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। চালক যথারীতি পালিয়ে গেল। প্রথম ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের হয়। পরে কাভার্ডভ্যানের চালক জামিন নিয়ে পালিয়ে যায়। দুঃখের বিষয় হলো, ২০০৮ সালের ১৫ মার্চ রমনা থানার তৎকালীন এসআই আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। অভিযোগকারীপক্ষ এই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত মামলাটি আবার তদন্তের নির্দেশ দেন। এবার থানা থেকে ২৭ নভেম্বর চালক নূরুল ইসলামকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারপ্রক্রিয়া শেষে ঢাকার একটি আদালত গত ১৯ সেপ্টেম্বর চালক নূরুল ইসলামকে কয়েকটি ধারায় সর্বমোট সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। সবাই এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অসন্তোষের বিষয় হলো, দণ্ডপ্রাপ্তচালক জামিন নিয়ে পলাতক আছে। চালক গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে রায় কার্যকর হবে। প্রশ্ন হলো, গ্রেপ্তার হবে তো? আমাদের গ্রামের আ. সাত্তার (ছদ্মনাম) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। আজ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। শুনেছি, তিনি বহালতবিয়তে স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে কোনো এক মহানগরে বসবাস করছেন। চালক নূরুল ইসলামকে হয়তো দেখা যাবে কোনো এক শহরে অবৈধ কোনো হিউম্যান হলার চালিয়ে দিনাতিপাত করছে। হয়তো দেখা যাবে, অবৈধ লাইসেন্স নিয়ে অন্য কোনো বৈধ যান চালনা করছে। এ ধরনের ঘটনায় জামিন নিয়ে পলাতক থাকায় শাস্তি কার্যকর করতে যে বাধা, তা দূর করতে হলে অন্তত পেনাল কোডের ৩০৪বি ধারা অজামিনযোগ্য করা উচিত। তবে চালকদের আটকানোর ভিন্ন উপায়ও আছে। উদাহরণস্বরূপ ওপরের দুটি ঘটনায় দেখা যায়, প্রথমে চালক যাত্রীবাহী রিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এবং রিকশার যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। এ ঘটনা বেপরোয়া গাড়ি চালনা হিসেবে দন্ডবিধির ৩০৪বি ধারায় পড়তে পারে। কিন্তু চোখের সামনে ছিটকে পড়া একজন মানুষকে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করাটা অবশ্যই পেনাল কোডের ৩০২ ধারায় শাস্তিযোগ্য, যা অজামিনযোগ্যও বটে। ফৌজদারি বিচার ও তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ বিষয়টি ভেবে দেখতে পারেন, নতুবা পেশাগত খুনিদের কাছে গাড়ির চাকায় পিষ্ট করে শত্রু নিধন সবচেয়ে সহজ ও নিরাপদ পদ্ধতি হিসেবে শিকড় গেড়ে বসতে পারে।যাহোক, ফারজানা হত্যা মামলায় রায়ের প্রতিক্রিয়ায় তাঁর মা বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। এভাবে আর কোনোদিন কোনো মায়ের বুক যেন খালি না হয়, সে জন্য বিদ্যমান আইন আরও কঠোর করতে হবে।’ ১৭ বছরে একটি ভালো রায় পেলেও সড়ক দুর্ঘটনায় নিশ্চয় এই একটি মৃত্যুই হয়নি? তাহলে বাকিগুলোর কী অবস্থা? এবার ঈদে একটি টেলিভিশন চ্যানেলে বিপাশা হায়াত পরিচালিত সম্ভবত আমরা সমুদ্র দেখতে গিয়েছিলাম নামক একটি নাটক দেখলাম। নাটকের কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান তাঁর স্বামী ও শিশুকন্যা নিয়ে সমুদ্রে বেড়াতে যান। পথে এক মাতাল ট্রাকচালক তাঁদের চাপা দিলে জয়ার স্বামী ও কন্যা নিহত হয়। জ্ঞান হারানোর আগমুহূর্তে জয়া ট্রাকের নম্বর ও চালকের মুখটি একবার দেখতে পান। স্বামী-সন্তান হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তিনি এক সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসাধীন থাকেন। স্বামী ও কন্যাকে নিয়ে তিনি সব সময় হ্যালুসিনেশনের মধ্যে থাকেন। একদিন রাতে অনেক চেষ্টা করে বহু পৃষ্ঠা কাগজ খরচ করে ট্রাকের নম্বরটি মিলিয়ে ফেলেন। নম্বরটি নিয়ে ট্রাকস্ট্যান্ডের ইজারাদারের কাছে গিয়ে এক লাখ টাকার বিনিময়ে সেই ট্রাকচালকের বাড়ির ঠিকানা খুঁজে বের করেন। রাতের অন্ধকারে ট্রাকচালকের বাড়ি গেয়ে দেখা যায়, সে মাতাল অবস্থায় হেলেদুলে বাড়ি ফিরছে। জয়া সুযোগ বুঝে সঙ্গে রাখা ধারালো ছোরা দিয়ে চালককে খুন করেন। এরপর সরাসরি সাইকিয়াট্রিস্টের বাসায় চলে যান এবং তাঁকে সব খুলে বলেন। সাইকিয়াট্রিস্ট বলেন, তুমি জানো এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে? জয়া বলেন, ‘একজন মায়ের কোলে সন্তানের মৃতদেহ, একজন স্ত্রীর বুকে স্বামীর নিথর দেহের থেকে বড় শাস্তি আর কী হতে পারে?’এবার ঈদে বাড়ি গিয়ে একটি কথা শুনে আমি আঁতকে উঠলাম। গত কয়েক মাস আগে দুর্ঘটনায় নিহত হয় আমার চাচাতো বোন স্বর্ণা। এ নিয়ে একটি নিবন্ধ লিখেছিলাম আইন অধিকার পাতায় । তার শোকে আমার চাচিমা রীতিমতো মানসিক ভারসাম্যহীন। ইতোমধ্যেই ডায়াবেটিস ও ব্লাড প্রেসার ধরা পড়েছে তাঁর। এ অবস্থায় তিনি বদ্ধপরিকর, সুস্থ হয়ে একটা ধারালো বঁটি পেছনে নিয়ে যে গাড়িটি স্বর্ণাকে হত্যা করেছে, সেই গাড়ির সামনে দাঁড়াবেন। গাড়ির চালক নেমে আসামাত্র ধারালো বঁটি দিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবেন। উহ্! কী নিদারুণ যন্ত্রণা! সড়ক দুর্ঘটনা আর কত মানসিক ভারসাম্যহীন মাকে এভাবে অস্ত্র হাতে রাস্তায় দাঁড় করাবে? লেখক সহকারি জজ,মানিকগঞ্জ