স্বর্ণালংকার-টাকা লুটের পর শিশুটিকেও নিল দুর্বৃত্তরা!
স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেও তারা ক্ষান্ত হয়নি। আট মাসের শিশুটিকেও তুলে নিয়ে গেছে। দাবি করেছে ২৫ লাখ টাকার মুক্তিপণ। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ের সি ব্লকের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।শিশুটির নাম মোবাশ্বিরা আলম (মায়েশা)। বাবা শাহ আলম অগ্রণী ব্যাংকের শ্যামলী শাখার কর্মকর্তা। শাহ আলমের পরিবার ছাড়াও ওই বাসায় তাঁর বড় বোনের পরিবার থাকে। ঘটনার সময় শাহ আলম বাইরে ছিলেন।খিলগাঁও থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাঁচ যুবক ওই বাসায় ঢোকেন। প্রত্যেকের হাতে ছিল রামদা। তাঁরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলেন। এরপর বাসার আলমারি ও ওয়ার্ডরোব খুলে ২০ ভরি স্বর্ণালংকার, প্রায় দেড় লাখ টাকা ও দুটি মুঠোফোন লুটে নেন। পরে মোবাশ্বিরাকে তুলে নিয়ে তাঁরা দ্রুত বাসা থেকে বের হয়ে যান।শাহ আলমের বড় বোন শামসুন্নাহার বলেন, ঘটনার সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। দরজায় করাঘাত করায় তাঁর স্বামী হুমায়ুন কবীর দরজা খুলে দেন। বাসায় ঢুকে যুবকেরা বলেন, পুলিশ তাঁদের ধাওয়া করেছে, একটু থেকেই চলে যাবেন। এই বাসার ভাড়া কত, ব্যাংকে কত টাকা আছে, এসব জানতে চান যুবকেরা। তিনি বলেন, ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটি তাঁর ও তাঁর স্বামীর। মোবাশ্বিরাকে নিয়ে যাওয়ার সময় ওই যুবকেরা ওই দুটি নম্বরে যোগাযোগ করে মোবাশ্বিরাকে ফেরত বাবদ ২৫ লাখ দিতে বলেন। তবে পরে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।রাত ১০টার দিকে ওই বাসায় গিয়ে মোবাশ্বিরার মা খালেদা বেগমকে বিলাপ করতে দেখা যায়। নির্বাক বাবা শাহ আলম। বাসার দুটি কক্ষে আলমারি ও ওয়ার্ডরোব খোলা, কাপড়চোপড় এলোমেলো। বাড়ির বাসিন্দারা জানান, ঘটনার সময় বাড়ির প্রধান দুটি ফটকই ছিল খোলা। বাড়িতে নেই কোনো নিরাপত্তাকর্মী। কাঁদতে কাঁদতে খালেদা বেগম বলেন, ‘আমি আমার বাচ্চাকে খিচুড়ি খাওয়াচ্ছিলাম। আমার কোল থেকেই তারা বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গেল।’শাহ আলমের ভগ্নিপতি ব্যবসায়ী হুমায়ুন কবীর বলেন, ‘মোবাশ্বিরাকে নেওয়ার আগে ওই যুবকেরা ২৫ লাখ টাকা দাবি করেছিল। আমি পাঁচ লাখ টাকা দেব বললেও তারা শোনেনি।’ তিনি বলেন, মোবাশ্বিরার বাবা এসেছে ভেবে তিনি দরজা খুলে দিয়েছিলেন। শাহ আলম বলেন, গতকাল তাঁর ছুটি থাকলেও উত্তরায় অসুস্থ এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। ফিরে আসার সময় পথিমধ্যে ডাকাতির খবর পান। কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই বলেও তিনি জানান।জানতে চাইলে পাশের বাসার বাসিন্দারা বলেন, ঘটনার সময় তারা কিছু টের পাননি।বাড়িওয়ালা সিদ্দিকুর রহমান বলেন, কলাপসিবল ফটকে তালা লাগিয়ে দিয়ে তিনি প্রত্যেক ভাড়াটিয়াকে চাবি দিয়েছেন। কিন্তু খামখেয়ালি করে অনেকেই তালা লাগান না। ঘটনার পর তিনি নিরাপত্তাকর্মী রাখার চিন্তা করছেন বলে জানান। জানতে চাইলে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটিকে উদ্ধার এবং জড়িত যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছে।