স্বর্ণের দোকানে ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের খরমপুর এলাকার গ্রামীণ জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ মঙ্গলবার রাতে ৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স্বর্ণব্যবসায়ী ও তাঁর দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন খরমপুর মহল্লার গ্রামীণ জুয়েলার্সের মালিক শংকর কর্মকার (৪৩), দুই কর্মচারী রিপন চন্দ্র সরকার (৩৮) ও গৌতম কর্মকার (৪০)।ডিবি সূত্র জানায়, শঙ্কর কর্মকার ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গ্রামীণ জুয়েলার্সে অভিযান চালান। এ সময় দোকানের স্টিলের আলমিরা থেকে পুলিশ ৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।ডিবির হেফাজতে আটক স্বর্ণব্যবসায়ী শঙ্কর কর্মকার সাংবাদিকদের বলেন, দিনাজপুরের হিলি সীমান্ত থেকে মাদকদব্যের এক ব্যবসায়ী তাঁর কাছে এসব ফেনসিডিল সরবরাহ করেন। তিনি নিজে ফেনসিডিল সেবন ও অন্যদের কাছে বিক্রির কথা স্বীকার করেন।ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, স্বর্ণব্যবসায়ী শঙ্কর কর্মকার ও তাঁর দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।