স্বল্প খরচে চিকিত্সার উপায় বের করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প খরচে চিকিত্সার উপায় খুঁজে বের করার জন্য চিকিত্সকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার এ ব্যাপারে চিকিত্সকদের সব ধরনের সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস’ বিভাগ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, এই বিভাগ চালুর মাধ্যমে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল, তা দূর হলো। এখান থেকে এখন এমপিএইচ, এমফিল ও এমডি ডিগ্রিও প্রদান করা হবে।আমেরিকার বিখ্যাত সেবাধর্মী প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি স্থাপনের জন্য সাহায্যের হাত বাড়ানোয় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিসেস জুডিথ রডিনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশের সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতি আশানুরূপ অগ্রগতি লাভ করেনি। প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে তাঁর সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ক্ষুধা, দারিদ্র্য বা নিরক্ষরতা থাকবে না, বিনা চিকিত্সায় কেউ মারা যাবে না।’ এ লক্ষ্য অর্জনে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, রকফেলার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুডিথ রডিন ও বিএসএমএমইউর উপাচার্য প্রাণগোপাল দত্ত, প্রধানমন্ত্রীর পরিকল্পনা উপদেষ্টা মশিউর রহমান এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।ভারতের নৌবাহিনী প্রধান: এদিকে, সফররত ভারতের নৌবাহিনীর প্রধান নির্মল ভার্মা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেছেন।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সহায়তার কথা স্মরণ করেন। বাংলাদেশ ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি। বাসস।