স্বল্প দূরত্বে বেশি দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটের নগরে ব্যাঙের ছাতার মতো বাড়ছে কাউন্টারভিত্তিক বাস। কিন্তু অভাব বাড়ছে লোকাল বাসের। এর ওপর আবার লোকাল বাসগুলো স্থায়ী বা অস্থায়ীভাবে ‘সিটিং’ হচ্ছে। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর পথ আরও দুরূহ হচ্ছে। বাড়ছে দুর্ভোগ, গুনতে হচ্ছে বেশি ভাড়া। অথচ নগরকর্তারা রয়েছেন নির্বিকার। ব্যক্তিমালিকানাধীন কোম্পানির সঙ্গে একই স্রোতে গা ভাসিয়েছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসিও। স্বল্প দূরত্বের যাত্রায় নগরবাসীর দুর্ভোগের কথা শোনাচ্ছেন আলী আসিফস্বল্প দূরত্বে বেশি ভাড়ালোকাল বাসের স্বল্পতার কারণে কাজীপাড়া কিংবা শেওড়াপাড়ার যাত্রীদের সিটিং সার্ভিস বাসে ফার্মগেট যেতে আট টাকা অথবা ১০ টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। লোকাল বাসের অভাবে স্বল্প দূরত্বে যেতেও যাত্রীদের গুনতে হচ্ছে বেশি ভাড়া। আর আগারগাঁও বা তালতলার যাত্রীরা তো বলতে গেলে বাসই পায় না। একজন যাত্রী তাই ফার্মগেট মোড়ে আক্ষেপ করে বলছিলেন, ‘ন্যায্য ভাড়া দিয়ে গন্তব্যস্থলে যাওয়ার ব্যবস্থা তো সরকার করেনি। তাই বেশি টাকা দিয়ে স্বল্প দূরত্বে যেতে হচ্ছে আমাদের?’নগরের বেশ কয়েকটি রুটের লোকাল বাসই নিজেদের সিটিং বলে দাবি করে বেশি ভাড়া আদায় করছে। ৪/এ নম্বর রুটের বেশ কিছু বাস পাঁচ-ছয় মাস আগে নিজেদের সিটিং সার্ভিসের বাস বলে দাবি করে। সিটিং সার্ভিসের নাম করে তাঁরা বাসের ভাড়া বাড়ায়। বাসের ভাড়া বাড়ানোর পর আবার এই বাসে দাঁড়িয়ে যাত্রী নেওয়া শুরু হয়। মাঝখান দিয়ে বেড়ে যাওয়া ভাড়া কিন্তু কমানো হয়নি।মিরপুর ১২ নম্বর থেকে মিরপুর ১০ নম্বর ও মিরপুর ১ নম্বর হয়ে আজিমপুর পর্যন্ত চলাচলকারী লোকাল বাসগুলো এখন চলছে ‘লোকাল সিটিং’ হিসেবে। এ বাসে এক স্টপেজে উঠে পরের স্টপেজে নামলেই পাঁচ টাকা দিতে হয়। সিটিং সার্ভিসের কথা বলে এভাবেই নগরের লোকাল বাসগুলো ভাড়া বাড়িয়ে চলছে।‘লোকাল’ যখন ‘সিটিং’আরিফ রহমান যাবেন মালিবাগ রেলগেট। কাকরাইল মোড়ে প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে পারেননি তিনি। সদরঘাট বা গুলিস্তান থেকে ছেড়ে আসা বাসগুলো কাকরাইলে পৌঁছানোর আগেই যাত্রী ভরে যায়। কাকরাইল মোড়ের মতো নগরের একাধিক বাসস্টপেজে প্রতিদিন হাজারো যাত্রী লোকাল বাসের অভাবে স্বল্প যাত্রার দূরত্বে যেতে ভোগান্তির মুখে পড়ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে বাসগুলোর ‘লোকাল’ থেকে ‘সিটিং’ হওয়া আর টিকিট কাউন্টারভিত্তিক বাসের দাপটে নগরে কমছে প্রকৃত লোকাল বাস।মিরপুর ১২ নম্বর থেকে গুলিস্তান পর্যন্ত লোকাল বাসের সংখ্যা দিন দিন কমছে। অথচ একসময় লোকাল হিসেবে চলা বাসগুলোকেই বিভিন্ন নাম দিয়ে ‘সিটিং সার্ভিস’ বলে চালানো হচ্ছে। কয়েক বছরের মধ্যে গজিয়ে উঠেছে চয়েস, ইটিসি, শিকড়, বিহঙ্গ, শিখর, সিল্কসিটি নামের বিভিন্ন বাস সার্ভিস। এতে মিরপুর থেকে ফার্মগেট, গুলিস্তান ও মতিঝিলের যাত্রীরা সুবিধা পেলেও এর মাঝের স্টপেজগুলো থেকে বাসে উঠতে পারছে না যাত্রীরা। বিশেষ করে তালতলা ও আগারগাঁওয়ের বাসিন্দারা ফার্মগেটে আসার বাসই পাচ্ছে না।একই অবস্থা মোহাম্মদপুরের বাসিন্দাদেরও। মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী টিকিট কাউন্টারভিত্তিক বাসের কমতি নেই। কেবল ৩৬/বি বাসটিই এ রুটে স্বল্প দূরত্বের যাত্রীদের একমাত্র ভরসা।ঢাকা মেট্রোপলিটন আঞ্চলিক পরিবহন কমিটির পাওয়া তথ্যানুযায়ী, এ মুহূর্তে নগরের রুট নম্বর ৪/এতে সবচেয়ে বেশি লোকাল বাস চলছে। রানীগঞ্জ থেকে সদরঘাট ভায়া নতুন বাজার, রামপুরা টিভি সেন্টার থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত যাত্রী পরিবহন করা এ বাসগুলো প্রায় সব সময়ই যাত্রীতে ঠাসা থাকে। এ রুটের ১৪০টি বাসের একটা বড় অংশ আবার স্বল্প দূরত্বের যাত্রী পরিবহন বাদ দিয়ে সিটিং সার্ভিস চালু করছে।এমনিতেই নগরের বিভিন্ন রুটে লোকাল বাসের ঘাটতি রয়েছে। এর ওপর অফিস সময়ে লোকাল বাসগুলো সিটিং বনে যাচ্ছে। ১২ অক্টোবর গাবতলী মিনিবাস মালিক সমিতি পরিচালিত ২২ নম্বর রুটের একটি বাসের হেলপারকে ফার্মগেট থেকে গেটলক সিটিং সার্ভিস বলে ডাক দিতে দেখা গেল। বাসে ওঠার পর জানা যায়, ফার্মগেট থেকে বাসটি যাবে যাত্রাবাড়ী পর্যন্ত। যেখানেই নামা হোক না কেন, ভাড়া দিতে হবে ১০ টাকা।আকাশে মেঘের দেখা দিয়ে বৃষ্টি নেমে এলে অনেক লোকাল বাসই ‘সিটিং’ হয়ে যায়। এক ঝড়-বাদলের রাতে আসাদগেট থেকে বাংলামোটরগামী কোনো বাসেই উঠতে পারেননি ইস্কাটনের বাসিন্দা সাব্বির আহমদ। তিনি বলছিলেন, ‘একটার পর একটা লোকাল বাস চলে গেল চোখের সামনে দিয়ে, কিন্তু তার সবগুলোরই গেট আটকানো। বাসে উঠতে গেলে গেটের ওপাশ থেকে বলা হয় সিটিং।’লোকাল বাস সার্ভিসের ব্যাপারে কোনো নির্দেশনা নেই বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। প্রতিষ্ঠানটির ঢাকা জোনের ডিসি সিরাজুল ইসলাম বললেন, ‘ঢাকা মেট্রোপলিটন আঞ্চলিক পরিবহন কমিটি থেকে কেবল রুট পারমিট দেওয়া হয়। বাসের যাত্রীরা বসে যাবে, না দাঁড়িয়ে যাবে, এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয় না। বাসমালিকেরা নিজেদের মুনাফা বাড়ানোর জন্যই সিটিং সার্ভিস চালু করেন।’লোকাল বাসগুলো যে সুযোগ বুঝে ‘সিটিং’ হিসেবে নগরে চলাচল করে, এ বিষয়টি নগরের যাত্রীরা জানলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান মো. সফিকুর রহমান তা জানেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের কোনো কথা আমরা কখনো শুনিনি। রুট পারমিশনে লোকাল থাকা সত্ত্বেও সিটিং হিসেবে চলছে—এমনটি হলে আমরা ব্যবস্থা নেব।’বিশেষজ্ঞদের কথানগর পরিবহনে কোন ধরনের যানবাহন চলবে? কোন রুটে কোন ধরনের পরিবহনব্যবস্থা প্রয়োজন, এ নিয়ে এখন পর্যন্ত কোনো নীতিমালা বা নিয়মকানুন নেই বলে জানালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক সরোয়ার জাহান। তিনি বলেন, ‘নগরবাসীর জন্য স্বল্প দূরত্বের যানবাহন কী হবে বা দীর্ঘ দূরত্বেরটিই কেমন হবে, এটা নিয়ে কারও কোনো চিন্তা তো করতে দেখি না।’ একই প্রসঙ্গে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, ‘আমাদের এখানে আসলে কোনো গণপরিবহন নেই। পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় তা হলো, বড় বড় চার-পাঁচ কোম্পানির বাস চলে নগরে। তাদের কাছেই একতলা, দোতলা অথবা মিনিবাস থাকে। যাত্রীর চাপের ওপর ভিত্তি করে তারা রাস্তায় বাস নামায়। আর আমাদের এখানে বাসমালিকেরা কেবল তাঁদের লাভটাই দেখছেন। ফলে একই বাস আজ সকালে লোকাল তো আগামীকাল সকালে সিটিং হচ্ছে।’হারিয়ে গেছে বিআরটিসির লোকাল বাসআজ থেকে বছর চারেক আগেও বিআরটিসির লাল রঙের দোতলা বাসে চড়ে কারওয়ান বাজার থেকে শাহবাগ যাওয়া যেত এক টাকায়। এর পর থেকেই ধীরে ধীরে কমা শুরু করে বিআরটিসির লোকাল বাস। এখন আর এ বাস চোখে পড়ে না।বিআরটিসি সূত্রে জানা গেছে, মিরপুর ১২ নম্বর থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে গাবতলী, মিরপুর ১ নম্বর থেকে গুলিস্তান—এই তিনটি রুটে বিআরটিসির লোকাল বাস চলত। এখন বিআরটিসি টিকিট কাউন্টারভিত্তিক বাসসেবা দিচ্ছে। এ প্রসঙ্গে বিআরটিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কর্নেল মো. আখতার কামাল বলেন, ‘বিআরটিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমাদের নিজেদের আয় দিয়ে নিজেদের চলতে হয়। টিকিট কাউন্টারভিত্তিক বাস চালুর ফলে আমাদের আয় বেড়েছে।’অদূর ভবিষ্যতে বিআরটিসির কোনো লোকাল বাস চালুর সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আরও নতুন ৩০০টি বাস আনার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন বাস এলে লোকাল বাস নামানোর বিষয়টি আমরা ভেবে দেখব।’