স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ-সমস্যা সমাধানে সক্ষম হব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ-সমস্যার সমাধানে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমরা দেশে বিদ্যমান বিদ্যুতের সংকট সম্পর্কে খুবই সচেতন রয়েছি এবং জনগণের কল্যাণে সেসব সমস্যা সমাধানে ইতিমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’ প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৭তম দ্বিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ উত্তরাধিকার সূত্রে খাদ্য ও বিদ্যুতের ঘাটতি নিয়ে ক্ষমতায় আসে। কিন্তু সম্ভাব্য স্বল্পতম সময়ে আমরা দেশকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করি। উল্লেখযোগ্য হারে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি।’ বর্তমান বিদ্যুৎ-সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিদ্যুৎ খাতে যেসব সমস্যা সৃষ্টি করেছে, তা সমাধানে তাঁর সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক আশরাফউদ্দিন ও সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত। সম্মেলনের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর অর্থনীতি—কেমন বাংলাদেশ দেখতে চাই’।প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আত্মবিশ্বাস হারিয়েছেন। এ কারণে প্রশাসনের গতি মন্থর হয়ে যায়। এখনো সেই অবস্থা বিরাজ করছে। ফলে জনগণের জন্য কাজ করতে গিয়ে আমরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। মহাজোট সরকার সেই আত্মবিশ্বাস ফেরানোর জন্য কাজ করছে।’ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমনের নামে অযৌক্তিক অনেক কাজ করেছে। ভয় ও আতঙ্ক সৃষ্টি করে অচলাবস্থা তৈরি করেছিল। এখনো সেই অবস্থা কাটিয়ে উঠতে পারিনি।’প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একটি সুখী ও সমৃদ্ধিশালী ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্য নিয়ে ২০২১ সাল পর্যন্ত করণীয় একটি উন্নয়ন ধারণা দিয়েছে। ধারণাপত্র বাস্তবায়নের ব্যাপারে দেশের প্রথম সারির অর্থনীতিবিদদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, জাতির বৃহত্তর স্বার্থে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এর আগে এস আর বোস (মরণোত্তর), সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়া (মরণোত্তর) ও সাংবাদিক বজলুর রহমানকে (মরণোত্তর) বাংলাদেশ অর্থনীতি সমিতি স্বর্ণপদক-২০১০ প্রদান করে।এস আর বোসের পক্ষে স্ত্রী নূরজাহান বোস, এস এ এম এস কিবরিয়ার পক্ষে স্ত্রী আসমা কিবরিয়া ও সাংবাদিক বজলুর রহমানের পক্ষে স্ত্রী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক নেন।