স্বল্পদৈর্ঘ্য কাঠগোলাপে জ্যোতিকা জ্যোতি
জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’। ২০১০ সালের শুরুর দিকে ‘ব্রেক আপে’ অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করলেন জ্যোতিকা জ্যোতি। এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘কাঠগোলাপ’। বর্তমানে চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে।কাঠগোলাপের কাহিনি প্রসঙ্গে জ্যোতি প্রথম আলো ডটকমকে বলেন, ‘খুবই মর্মস্পর্শী গল্প, মা-বাবার অপারগতার কারণে একটা মেয়ে জীবন সংগ্রামে যেসব সমস্যার মুখোমুখি হয়, সেটিই এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। এখানে আমি একজন পতিতার চরিত্রে অভিনয় করেছি।’জ্যোতি বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্রেক আপে এক জোড়া তরুণ-তরুণীর সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছিল। সে জায়গা থেকে এটি পুরোপুরি অন্য ধরনের একটি কাজ। আমি নিজেও কাঠগোলাপে কাজ করে একরকম তৃপ্ত বলতে পারেন।’জ্যোতি অভিনীত ডিজিটাল চলচ্চিত্র ‘বেদেনী’র শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। বর্তমানে ছবিটির সম্পাদনা ও ডাবিংয়ের কাজ চলছে। ঈদে ছবিটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক আর এক ঘণ্টার নাটকের কাজ নিয়ে ব্যস্ত জ্যোতিকা জ্যোতি। আজ থেকে পুবাইলে নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিংও শুরু করেছেন তিনি।