অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী
স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তার প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালে মন্টেরেই দারিদ্র্য সম্মেলন এবং চলতি বছর ইস্তাম্বুলে স্বল্পোন্নত দেশসংক্রান্ত জাতিসংঘ সম্মেলনে নারীর ক্ষমতায়নসহ সহস্রাব্দ লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে গরিব দেশগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখতে উন্নত দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। খবর বাসস ও ইউএনবির।গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্থে হোটেল হায়াত রিজেন্সিতে ‘নেতৃত্বের জন্য নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এক প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে তিনি বর্তমানে পার্থে আছেন। আজ বৈঠক শুরু হবে।চার দিনের সরকারি সফরে স্থানীয় সময় গতকাল বিকেলে তিনি পার্থে পৌঁছান। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও হাইকমিশনের অন্য কর্মকর্তারা পার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী প্যানেল আলোচনায় বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বাংলাদেশকে নারীর ক্ষমতায়নে ‘উদীয়মান তারকা’ এবং এমডিজির নারীর ক্ষমতায়নের লক্ষ্য অর্জনে সাফল্যের জন্য মডেল সদস্য দেশ হিসেবে উল্লেখ করেন।প্যানেল আলোচনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদও বক্তব্য দেন।প্রধানমন্ত্রী উন্নত দেশগুলোর নেতাদের মন্টেরেই দারিদ্র্য সম্মেলনে মোট জাতীয় উৎপাদনের (জিএনপি) ৭ শতাংশ উন্নয়নশীল দেশগুলোর সরকারি উন্নয়ন সহায়তায় (ওডিএ) দেওয়ার সম্মতির কথা স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে স্বল্পোন্নত দেশসংক্রান্ত চতুর্থ জাতিসংঘ সম্মেলনে ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে অগ্রাধিকার খাত চিহ্নিতকরণ ও আর্থিক সম্পদ জোগানে গৃহীত কর্মপরিকল্পনার কথাও মনে করিয়ে দেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাঁর সরকার দু’দুবার ক্ষমতায় এসে নারীর ক্ষমতায়নে বহু কৌশলগত পরিকল্পনা ও নীতি প্রণয়ন করেছে।শেখ হাসিনা বলেন, সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের পাশাপাশি মহিলারা এখন স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে গণশিক্ষা, পরিবার পরিকল্পনা টিকাদান এবং ত্রাণ তৎপরতাসহ বহু ক্ষেত্রে নীতি ও কর্মসূচি প্রণয়নে জড়িত। লিঙ্গসমতা, বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণসহ নারী ও শিশুর উন্নয়নে ৫০ সদস্যের জাতীয় পরিষদ গঠন করা হয়েছে।অর্থনৈতিক ক্ষমতায়নে দরিদ্র মহিলাদের ক্ষুদ্রঋণ প্রদান, ক্ষুদ্র সঞ্চয়ে উৎসাহ প্রদান এবং কৃষি প্রক্রিয়াকরণে ঋণ বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।এদিকে অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন।