প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) দারিদ্র্যমুক্ত করতে উন্নয়ন সহযোগীদের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং প্রবৃদ্ধি বাড়াতে স্বল্পোন্নত দেশগুলোকে নিজ নিজ প্রচেষ্টা ‘দ্বিগুণ’ করার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার তুরস্কের ইস্তাম্বুলে লুৎফি কিরদার কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এলডিসি গ্রুপের সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোকে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য এসব দেশের সামাজিক, আর্থিক ও মানবসম্পদ বাড়াতে উন্নয়ন সহযোগীদের অবশ্যই এগিয়ে আসতে হবে। তিনি এ লক্ষ্যে তাদের সমর্থনের অঙ্গীকার নবায়ন, সম্প্রসারণ ও যথাসময়ে তা বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থনের জন্য উদীয়মান উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডের সামর্থ্য বাড়লে তা উন্নত দেশগুলোর উন্নয়ন ও জীবনযাত্রার মান আরও বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।শেখ হাসিনা বলেন, অবকাঠামোগত দুর্বলতাসহ ভঙ্গুর অর্থনীতি, সম্পদ সৃষ্টিসহ প্রযুক্তি ও যোগাযোগের অপ্রতুলতা, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথাযথ অংশগ্রহণের অভাব এবং বহির্চাপের ঝুঁঁকি এলডিসিকে আজ অনিরাপদ করে তুলেছে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলো এমডিজির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করলেও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জনে উন্নয়নশীল দেশের সঙ্গে তুলনা করার মতো অগ্রগতি অর্জিত হয়নি।প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোর এটা জানা আছে যে উন্নয়ন তাদের নিজের দায়িত্ব। তবে আমাদের সহযোগীদেরও এটা স্বীকার করতে হবে যে স্বল্পোন্নত দেশগুলোর বর্তমান অবস্থার জন্য অন্যায্য আচরণ ও বিক্ষিপ্ত বিশ্ব-ব্যবস্থা অনেকাংশে দায়ী। স্বল্পোন্নত দেশগুলোকে বৈশ্বিক অন্যায্যতা, পণ্যমূল্য, উৎপাদিত পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি, অপর্যাপ্ত বিদ্যুৎ ও প্রযুক্তি, বিদেশি বিনিয়োগের স্বল্পতা ও জলবায়ু পরিবর্তনের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’‘স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে উন্নয়ন অংশীদারদের সুস্পষ্ট দায়িত্ব রয়েছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ব্রাসেলস কর্মপরিকল্পনার অঙ্গীকার পূরণ করা হলে আরও অনেক অগ্রগতি সাধিত হতো। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে অনেক উন্নয়ন অংশীদার আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, অনেকে এগিয়েই আসেনি। তারা অতিরিক্ত অঙ্গীকারের ব্যর্থতার জন্য সাম্প্রতিক বৈশ্বিক মন্দার কথা তুলে ধরেছে। কিন্তু এই মন্দা স্বল্পোন্নত দেশগুলোর দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও এমডিজি অর্জনের প্রয়াসকেও বাধাগ্রস্ত করেছে।প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের উৎস হচ্ছে উন্নত দেশগুলো। পাক্ষন্তরে এতে অধিকাংশ স্বল্পোন্নত দেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, ‘ওডিএ হ্রাস, বিনিয়োগ, রপ্তানি আয়, রেমিট্যান্স, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি ও খাদ্যমূল্যের কারণে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’ তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর প্রয়োজনের কেন্দ্রে রয়েছে খাদ্য-নিরাপত্তা।শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের জনসংখ্যার এক-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত এবং দুই কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হবে। এতে বিদ্যমান জীববৈচিত্র্য ও পরিবেশও ধ্বংস হবে। অধিকাংশ স্বল্পোন্নত দেশ একই পরিস্থিতির শিকার হবে। এ জন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানান্তরিত মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পুনর্বাসনের জন্য ইউএনএফসিসি প্রটোকলে নতুন ধারা সংযোজনের প্রয়োজন রয়েছে। এ ছাড়া আরও সাতটি অভিন্ন বিষয় ইস্তাম্বুল সম্মেলনের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের সভাপতি জোসেফ ডিইস (সুইজারল্যান্ড) ও নেপালের প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল বক্তব্য দেন। লুৎফি কিরদার কনভেনশন সেন্টারে এ সম্মেলনে ৪৮টি স্বল্পোন্নত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেন।তোপকাপি প্রাসাদ জাদুঘর পরিদর্শন: এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক তোপকাপি প্রাসাদ জাদুঘর এবং সুলতানামেত কামিল (নীল) মসজিদ পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় গতকাল সকাল ১০টায় জাদুঘরে পৌঁছালে এর পরিচালক ইলবার ওরতালি তাঁদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এটি প্রায় ৪০০ বছর তুর্কির অটোম্যান শাসকদের মূল প্রাসাদ ছিল। প্রধানমন্ত্রী পরে নীল মসজিদ নামে পরিচিত সুলতান আহমেদ মসজিদও পরিদর্শন করেন।