স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহায়তা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
স্বল্পোন্নত বা উদীয়মান অর্থনীতির দেশগুলোর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সমতা সৃষ্টিতে সহযোগিতা বাড়ানোর জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) চতুর্থ সম্মেলনে বক্তৃতা দানকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা এলডিসির জন্য সহজ উত্তরণ উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি করেছে। দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আমাদের উত্তরাংশের উন্নয়ন অংশীদারি-সহায়তার সম্পূরক হওয়া প্রয়োজন। স্বল্পোন্নত দেশগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের সময় অতিক্রান্ত হচ্ছে। কারণ, বিশ্বায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি শুধরে নিতে আমরা ইস্তাম্বুল সম্মেলনকে শেষ প্রয়াস হিসেবে গণ্য করতে চাইলে আমাদের বাগাড়ম্বরতা পরিহার করে এখানে প্রদত্ত অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।’শেখ হাসিনা বলেন, অঙ্গীকার অবশ্যই দেশভিত্তিক সুনির্দিষ্ট উন্নয়ন কৌশল ও পদ্ধতিগত উন্নয়ন কর্মসূচি এবং সহযোগিতা ব্যবস্থার সার্বিক পুনর্বিন্যাস ও সাহায্যের ধরনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। তেল ও খাদ্যপণ্যের আকস্মিক মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক মন্দার কারণে উন্নয়নশীল দেশগুলোর প্রয়াসকে ব্যাহত করেছে। এর ফলে এলডিসি ও উন্নত দেশগুলোর মধ্যকার ব্যবধান বেড়েছে। এ ছাড়া সহায়তা বৃদ্ধির জন্য উন্নয়ন অংশীদারির অঙ্গীকার পূরণের ব্যর্থতা এলডিসির প্রবৃদ্ধির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে।জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোকে অবশ্যই অতিরিক্ত তহবিলের জোগান দিতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও বহির্হুমকি মোকাবিলায় এলডিসিকে অতিরিক্ত ক্ষতিপূরণ-সহায়তা দেওয়ার ব্যাপারে সবাইকে একমত হওয়া প্রয়োজন। বাসস।