স্বস্তির যাত্রায় মহা-যন্ত্রণা
নির্ঘুম চোখে ভোর রাতে স্টেশনে পৌঁছে দেখি মানুষ আর মানুষ। কমলাপুরের কাউন্টারগুলোতে উপচে পড়ছে মানুষের ভিড়। প্লাটফর্মে যাওয়ার যে পথ, সেটিও বন্ধ হয়ে গেছে। কিছু লোক লাইন ধরে স্টেশনে ঢুকছে। লাঠি হাতে আনসার সদস্যরা তাঁদের নানাভাবে তিরস্কার করছেন আর ভেতরে যাওয়ার পথ করে দিচ্ছেন। এরা কারা? প্রশ্ন করতেই একজন আনসার সদস্য বললেন, এরা গফরগাঁওয়ের যাত্রী, জামালপুর কম্পিউটার ধরবে। ট্রেনের নাম ‘জামালপুর কমিউটার’, লোকের মুখে কমিউটার শব্দটি কম্পিউটার হয়ে গেছে। তাই ভোর রাতে লাইন ধরে এদের স্টেশনে ঢুকানো হচ্ছে। জামালপুর কমিউটার তিন নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে। শ পাঁচেক যাত্রী। স্টেশনে ঢোকার পরই শুরু হলো তাঁদের দৌড়াদৌড়ি। যে যেভাবে পারে। কেউ উঠছে ভেতরে, কেউ ছাদে। প্লাটফর্মে দাঁড়ানো পুরান বগির ট্রেনটি ভরে গেল দেখতে দেখতেই। এরপর শুরু হলো ট্রেনের ছাদে ওঠার প্রতিযোগিতা। নারী পুরুষ আর শিশু—কোনো বাছবিচার নেই। একজনের গায়ের ওপর আরেকজন। যেন ছাদে না উঠতে পারলেই হাত ছাড়া হয়ে যাবে জীবনের সব কিছু । এ দৃশ্য গত শনিবার ভোর বেলার। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী আমরা। আমার সঙ্গে পরিবারের কয়েকজন। টিকিটে সময় দেওয়া আছে সকাল ছয়টা। আমরা পৌঁছে গেছি তারও ৩৫ মিনিট আগে। তখনও আলো-আঁঁধারি রয়েছে। কিন্তু ট্রেনের দেখা নেই। আগের দিনও যোগাযোগমন্ত্রীকে টেলিভিশনে বলতে শুনেছি, ট্রেন নাকি সময় মতো চলছে। কিন্তু স্টেশনে গিয়ে তার ফল মিলল উল্টো। স্টেশনে আমাদের মতো হাজার হাজার মানুষ। কেউ বসে, কেউ শুয়ে, কেউ বাচ্চার হাত ধরে হাঁটাহাঁটি করছেন। কেউ যাবেন খুলনা, কেউ চট্টগ্রাম আবার কেউবা সিলেটের পথে। উল্টো দিকের প্লাটফর্মে চড়া গলায় একজন গান ধরেছেন, ‘ভৈরত লাইনের গাড়ি, ঈশ্বরগঞ্জ স্টেশন ছেড়ে যায় আমার সোনা বন্ধের বাড়ি.....। রেলের টাইম কক্ষে গিয়ে একজনকে পাওয়া গেল রাতজাগা লাল চোখ অবস্থায়। তাঁকে জিজ্ঞেস করতেই একটু বিরক্তি নিয়ে বললেন, ‘আপনারা ভাগ্য ভালো, মাত্র এক ঘণ্টা লেট আছে ধূমকেতু। অন্য সব ট্রেন ৫-৬ ঘণ্টা লেট।’ এক ঘণ্টার একটু বেশি পরে ধূমকেতুর মতই হঠাত্ স্টেশনে এসে দাঁড়াল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। যাত্রীরা নামতে না নামতেই স্টেশনে অপেক্ষমাণ শত শত মানুষকে রেখে আমরা হুড়োহুড়ি করে ট্রেনে উঠলাম।রেলের বড় কর্মকর্তাদের কাছে তদবির করে টিকিট কিনেছি। খ নম্বর এসি বগির যাত্রী আমরা। বেশ আরামদায়ক আসন। সঙ্গে ঠান্ডা বাতাস। পরম শান্তিতে গা এলিয়ে দিলাম। ছয়টার ট্রেন ছাড়ল সাড়ে সাতটায়। তবুও সব যাত্রীর মুখে প্রশান্তি। শুরু হলো আমাদের স্বস্তির যাত্রা।ঢাকা শহরের ভেতরে ট্রেন চলে ধীর গতিতে। কমলাপুর থেকে বিমানবন্দরে পৌঁছাতেই লেগে গেল ৪০ মিনিট। বিমানবন্দরে স্টেশনে আসতে না আসতেই শুরু হলো হুড়োহুড়ি। স্টেশনে অপেক্ষমাণ শত শত মানুষ। সবাই ট্রেনে উঠবে। আমার পাশে জানালায় হঠাত্ শব্দ। তাকিয়ে দেখি মই বেয়ে মানুষ ছাদে উঠছে। তিনজনে ধরে একটি শিশুকে তোলার চেষ্টা করছেন। শাড়ি পরা এক মহিলা প্রাণপণ চেষ্টা ছাড়ে উঠতে পারলেন। আমাদের বগির ভেতরে অবশ্য তখন কেউ ঢুকতে পারেনি। তিন মিনিটের থামার স্টেশনে লাগল ১০মিনিট। পরের স্টেশন জয়দেবপুর। ভেতরে অনেকে বলাবলি করছিলেন জয়দেবপুরে আরও ভিড় হবে। সেটাই সত্যি হলো। জয়দেবপুর স্টেশন থেকে উঠল অনেক মানুষ। এবার মানুষের বন্যা আমাদের বগির ভেতরেও ঢুকল। তিল ধারণের ঠাঁই নেই। তবুও মানুষ উঠছে। একজন চিত্কার করে বললেন, ভাই এসি বগি এত লোক উঠলে এসিটা আর কাজ করবে না। সবাই দম বন্ধ হয়ে মরে যাবেন। কিন্তু কে কার কথা শোনে? সিটের মাঝখানে যাত্রীদের চলাচলের জন্য যে করিডোর আছে সে ভরে গেল। কেউ ব্যাগের ওপর বসে পড়ছে, কেউ দাঁড়িয়ে রইলেন। দরজার দিকে অবস্থা আরও খারাপ। ট্রেন ছেড়ে দেওয়ার পর এক মহিলা চিত্কার করে বললেন, ‘আমার বাচ্চাটা বাথরুমে যাবে, পথ ছাড়ুন। ’ পথ আর কেউ ছাড়ে না। তিনজনের পাঁজাকোল হয়ে বাচ্চা গেল বাথরুমে। বাচ্চার মা আর যেতে পারলেন না। জয়দেবপুর থেকে ওঠা যাত্রীদের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে ছিলেন দুইজন। কথা বলে জানলাম, তাঁরা সবাই বিনা টিকিটের যাত্রী। বেশিরভাগ তৈরি পোশাক কারখানার শ্রমিক। কেউ যাবেন চাটমোহর, কেউ বড়াল ব্রিজ আর কেউ উল্লাপাড়া। এত মানুষের ভিড়ে আমাদের বগির ভেতরে ঠান্ডা কমতে শুরু করেছে্ গরম বাড়ছে। তরুন এক যাত্রী রাগারাগি শুরু করে দিলেন। হইচই শুনে এগিয়ে এলেন রেলের এক কর্মী। তিনি জানালেন, ছাদের ওপরের যাত্রীরা বসেছেন শীতাতপ যন্ত্রের ফ্যানের ওপরে। ফলে ফ্যান কাজ করছে না। পরের স্টেশনে পৌঁছানোর পর সব ঠিক করে দেবেন। একটু পরে বিনা টিকে যাত্রীদের সঙ্গে ফিসফাস করে শুরু করে দিলেন তিনি। রেলের কর্মচারী বাসের হেলপারের মতো করে ভাড়া তুলতে শুরু করে দিলেন। ঢাকা থেকে টাঙ্গাইল স্টেশনে আসতে লাগে দুই ঘণ্টা। সাড়ে তিন ঘণ্টার পর পৌঁছালাম টাঙ্গাইলে। যাত্রীদের হইচইয়ে কাজ হলো। প্রদীপ নামে রেলের এক কর্মী এগিয়ে এলেন। লাঠি হাতে দুইজন নিরাপত্তা কর্মীকে ডেকে আনলেন। এরপর ছাদের যাত্রীদের লাঠিপেটা করে ওপর থেকে সরিয়ে দিলেন। শীতাতপ যন্ত্র আবার সচল হলো। আমাদের ঘাম শুকাতে লাগল।টাঙ্গাইলে পর যাত্রী ওঠা বন্ধ হলো। কিন্তু ততক্ষণে মানুষের ভারে ট্রেন আর চলে না। এক্সপ্রেস ট্রেন লোকালকে হারিয়ে দেওয়ার প্রতিযোগিতা শুরু করল।বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর শুরু হলো নামার পালা। সব স্টেশনেই যাত্রীরা নেমে যাচ্ছে। উল্লাপাড়া স্টেশনে ট্রেন থামতেই দেখি শুধু মই আর মই। আগে থেকেই সেখানে মই নিয়ে লোকজন বসে আছেন। তাদের লক্ষ্য ছাদের যাত্রী নামানো। জনপ্রতি ১০ টাকা মই ভাড়া। ছাদ থেকে যাত্রী নেমে মইয়ের মালিকের হাতে ১০ টাকা করে গুঁজে দিচ্ছেন। আমার পাশে বসা এক যাত্রী জানালেন, বড়াল ব্রিজ স্টেশনের মইয়ের ব্যবসার সঙ্গে নাকি এক যুবলীগ নেতা জড়িত। শুনে গালি দিলেন আরেকজন। চাটমোহর স্টেশনেও মই বেয়ে যাত্রী নামলেন। তবে ঈশ্বরদী এসে যাত্রীর সংখ্যা কমল। এতক্ষণের নরক যন্ত্রণা পেরিয়ে আবার স্বস্তি ফিরে পেলাম আমরা। আমাদের রাজশাহী পৌঁছানোর কথা ছিল বেলা ১২টায়, পৌঁছলাম পৌনে চারটায়। বাড়ি ফিরে দরজায় কড়া নাড়তেই পুরান বাড়ির লোহার দরজাটা কচকচ শব্দে খুলে গেল। মা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘তুই না থাকলে খুব খারাপ লাগে।’ আমার সব ক্লান্তি দুর হয়ে গেল।