স্বাগত জানাল জাইকা
পদ্মা সেতু প্রকল্পে পুনরায় বিশ্বব্যাংকের যুক্ত হওয়ার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে আরেক দাতা সংস্থা জাইকা। একই সঙ্গে এই সেতু নির্মাণে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার এবং দুর্নীতিমুক্তভাবে ও স্বচ্ছতার সঙ্গে সেতু নির্মাণে বিশ্বব্যাংকের দেওয়া সব শর্ত পূরণে সরকারের আন্তরিকতার প্রশংসা করেছে। আজ মঙ্গলবার জাইকার পাঠানো এক বিবৃতিতে এ অনুভূতি জানানো হয়।বিবৃতিতে জাইকা জানায়, যদিও বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, এর পরও জাইকা দৃঢ়ভাবে বিশ্বাস করে এ প্রকল্পের সব অংশীদারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তা পুষিয়ে নেওয়া যাবে।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে ২০০৩ সালে পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে জাইকা যখন প্রথম উগ্যোগ নেয়, তখন থেকে এ প্রকল্পের সফল বাস্তবায়নে জাইকা অন্য সহযোগী দাতাদের সঙ্গে সম্পৃক্ত ছিল।বাংলাদেশে বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতু, পাকশী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু এবং রূপসা সেতুর মতো বড় অবকাঠামো প্রকল্পের সফল বাস্তবায়নের ক্ষেত্রে জাপানের সহযোগিতার ইতিহাস রয়েছে বলে বিবৃতিতে বলা হয়।এতে বলা হয়, ‘আমাদের দীর্ঘদিনের অংশীদারির ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণেও জাইকার সহায়তা অব্যাহত থাকবে।’জাইকা আশা করছে, এ প্রকল্প বাস্তবায়নের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাবে এবং পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবে রূপ নেবে।বাংলাদেশ সরকারের নেওয়া সন্তোষজনক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক নতুন করে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত হওয়ায় এশীয় উন্নয়ন ব্যাংক সন্তোষ প্রকাশ করে। গতকাল ম্যানিলাভিত্তিক দাতা সংস্থা এডিবি এক বিবৃতিতে বলে, ‘এটি বাংলাদেশের জনগণ ও পুরো অঞ্চলের জন্য সুখবর।’পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গত ২৯ জুন ১২০ কোটি মার্কিন ডলারের (নয় হাজার ৬০০ কোটি টাকা) ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক। এর আগে অর্থ পাওয়ার পূর্বশর্ত হিসেবে দুর্নীতির জন্য সরকারের সন্দেহভাজন মন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে সরানোসহ চারটি শর্ত দিয়েছিল বিশ্বব্যাংক।চারটি শর্ত পূরণ হওয়ার পর গত শুক্রবার সকালে ওয়াশিংটন থেকে বিশ্বব্যাংকের পাঠানো এক বিবৃতিতে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে নতুন করে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিশ্বব্যাংক।