স্বাগত ২০১১
সেই একই সূর্য, একইভাবে আজও উঠেছে পূর্বাকাশ আলো করে। তবু তার উদয় ভিন্নতর। আজকের দিনটিও আলাদা, কারণ একটি নতুন বর্ষপরিক্রমা শুরু হলো আজ শনিবার থেকে। খ্রিষ্টীয় ২০১১ সালের প্রথম দিন আজ। আজ নববর্ষ।জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু ঘটনার সাক্ষী হয়ে মহাকালের অতল গর্ভে গতকাল শুক্রবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চলে গেছে বিগত বছর ২০১০ সাল। একই সঙ্গে বিগত হয়েছে একুশ শতকের প্রথম দশকও।বাংলায় আমাদের একটি নিজস্ব বর্ষপঞ্জি রয়েছে। আমাদের কৃষিপ্রধান ষড়ঋতুর দেশে চাষাবাদ ও ঋতুপরিক্রমার সঙ্গে সাযুজ্যপূর্ণ এই বছরের শুরু হয় বৈশাখে। সে অর্থে বাঙালিজীবনে নতুন বছর বরণের আমজনতার যে বিপুল উৎসব, তা পালিত হয় পয়লা বৈশাখেই। ওই বর্ষবরণ উৎসব পরিণত হয়েছে বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উপাদানে।আধুনিক মানুষের জীবনযাত্রা নির্বাহের বহুমুখী কার্যক্রম কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। সে কারণেই বৃহত্তর আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ, আদান-প্রদানের নিমিত্তে একটি বৈশ্বিক দিনপঞ্জিকা অনুসরণ। তাই অন্যান্য দেশের মতো আমাদের দেশেও গ্রেগরিয়ান বর্ষপরিক্রমা অনুসৃত হয়।প্রাত্যহিক জীবনযাত্রার প্রয়োজনে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসরণ করায় বছর শেষে যেমন বিগত দিনগুলোর হিসাব-নিকাশ, ঘটনাপঞ্জির স্মরণে সালতামামির বিষয় বিশেষ গুরুত্ব পায়, তেমনই নতুন বছরের কর্মপরিকল্পনাও করতে হয়। যোগাযোগ মাধ্যমের অভূতপূর্ব উন্নয়নের ফলে সারা বিশ্ব এখন এক বিশাল অভিন্ন গ্রামে রূপান্তরিত। নানা দেশ ও জাতির সংস্কৃতির একটি মিথস্ক্রিয়ার প্রক্রিয়া ক্রমান্বয়েই প্রবল হয়ে উঠছে। ভালো কি মন্দ, সে প্রশ্ন ভিন্ন্ন। তবে আমরাও এর প্রভাবমুক্ত নই। খ্রিষ্টীয় বর্ষবিদায় ও নববর্ষ বরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর রাতে উল্লাস করার পশ্চিমা রীতির রেওয়াজ অধুনা আমাদের দেশেও নাগরিক পরিমণ্ডলে চালু হয়েছে। অনেক সময় এ উল্লাস মাত্রা ছাড়ানোরও নজির রয়েছে। তাই এ ক্ষেত্রে করা হয় কড়াকড়ি নিয়ন্ত্রণ, এবারও ছিল।নতুন বছরে প্রিয়জনদের শুভেচ্ছা জানিয়ে সুদৃশ্য কার্ড পাঠানোর রীতি বহু দিনের। সম্প্রতি মুঠোফোনের প্রচলন সুবিস্তৃত হওয়ায় দোকান থেকে কার্ড কিনে ডাকঘরে গিয়ে তা পাঠানোর প্রক্রিয়া এই ব্যতিব্যস্ততার যুগে অনেকের কাছেই ঝামেলাপূর্ণ মনে হয়। তাদের কাছে এর চেয়ে সহজ মুঠোফোনের বোতাম চেপে নববর্ষের খুদে বার্তা পাঠানো। বছরের শেষ দিন থেকে মুঠোফোন থেকে মুঠোফোনে এমন অসংখ্য খুদে বার্তা চালাচালি এখন জনপ্রিয়। খুদে বার্তায় শুভেচ্ছা বিনিময়ের দায় মেটে বটে, তবে দস্তখত সহযোগে প্রিয়জনের হাতের স্পর্শ লাগা কার্ডে তা পেলে হূদয়ে যে গভীর প্রীতির সঞ্চার হয়, এর কোনো বিকল্প নেই। দিনে দিনে কত কিছুই না বদলে যায়, কত নতুনেরই না সংযোগ ঘটে জীবনের বাঁকে বাঁকে।আবার একটি নতুন বছর এল আমাদের জীবনে। নতুন চিরকালই সম্ভাবনাময়। সে কারণে নতুনের প্রতি মানুষের আগ্রহ বিপুল। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি ঝেড়ে ফেলে ব্যক্তি ও সমাজজীবনে নতুন উদ্যমে নতুন বছরের সম্ভাবনাগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি। সফল হতে পারি আমাদের মহৎ পরিকল্পনায়। কল্যাণ আমাদের সঙ্গী থাকুক, নতুন বছরের শুরুতে এই কামনা সবার জন্য।বাণী: খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তাঁরা পুরোনো বছরের সব জঞ্জাল ঝেরে ফেলে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।