স্বাগতিকদের শোক
স্বপ্নটা প্রায় অবাস্তব ছিল। কিন্তু ইতিহাস সাহস জোগাচ্ছিল দক্ষিণ আফ্রিকানদের। ইতিহাস বলছিল, স্বাগতিকেরা কখনোই বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়েনি। শুরুতেই দক্ষিণ আফ্রিকা চমকে দিল। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শাবালালার গোলে এগিয়েও গিয়েছিল আফ্রিকানরা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও নেলসন ম্যান্ডেলার দেশ নিয়ে স্বপ্ন দেখার সাহসটা অন্তত তৈরি হলো। মনে হলো, কার্লোস আলবার্তো পাহেইরা একটা জাদু দেখিয়েই দেবেন। উরুগুয়ের সঙ্গে ০-৩ গোলের পরাজয়ে বড় একটা ধাক্কা লাগল সেই স্বপ্নে। সেটিই কার্যত শেষ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামার আগে টিকে ছিল শুধু কিছু কাগুজে সমীকরণ। সব সমীকরণের মোদ্দা কথা—বড় ব্যবধানে হারাতে হবে ফ্রান্সকে। ফ্রান্সকে হারানোর কথা ভাবাই তো দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসাহসের ব্যাপার। সেই দুঃসাহস দেখাল আফ্রিকানরা। ২-১ ব্যবধানে হারাল ফরাসিদের। তার পরও সঙ্গী হলো কান্নাই। গোলগড়ের হিসাব ছিটকে দিল স্বাগতিকদের। ফুটবল কখনো কখনো বড় নিষ্ঠুর!