বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ১ মার্চ মনোনয়নপত্র বিতরণ শুরু এবং আগামী ৯ এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।প্রথম দিন ২১টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যাঁরা সবাই সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপের সদস্য। এ খবর লেখা পর্যন্ত বিএনপি সমর্থিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।নির্বাচন কমিটির আহ্বায়ক রতন কুমার সিংহ প্রথম আলোকে জানান, ১০ মার্চ দুপুর দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় নির্ধারণ করা হয়েছে।নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ মার্চ স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) চুয়াডাঙ্গার সভাপতি মার্টিন হিরক চৌধুরী ও যুগ্ম সম্পাদক কামরুল হুদা কোনো পদের নাম উল্লেখ ছাড়াই ২২ জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হাসানুজ্জামান নূপুর প্রথম আলোকে বলেন, বিএমএ নির্বাচনে ড্যাবের অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত। এর পরও যদি সদস্যদের আগ্রহ দেখা দেয়, সে ক্ষেত্রে সিদ্ধান্ত বদল হতে পারে। সে জন্য ১০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।