স্বাদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘরকন্নার পণ্য যেমন মেলে, তেমনই মেলে বিলাসি নানা জিনিস। ফর্দ থেকে খাবারটাই বা বাদ যাবে কেন? এটা-সেটা কেনাকাটার পাশাপাশি বাণিজ্য মেলার খদ্দেররা খাবারের পদগুলোও নিতে ভোলে না। তাই খাদ্যপণ্যের প্রতিষ্ঠানগুলোও মেলায় নিজেদের পণ্য ক্রেতাদের হাতে তুলে দিতে নানা আয়োজন নিয়ে বসেছে। বাণিজ্য মেলা ঘুরে এমন কিছু প্রতিষ্ঠানের খবর লেখা ও ছবিতে তুলে ধরেছেন কাওছার শাকিল।প্রাণের টানেবাণিজ্য মেলার আনাচে-কানাচে ঘুরতে ঘুরতে এই শীতের মধ্যেও গলা শুকিয়ে যায় কারও কারও। আর তখনই তাদের মনে পড়ে যায় ৩০ নম্বর প্যাভিলিয়নের কথাটা। কেননা, তৃষ্ণার্তের প্রাণ জুড়াতে সেখানে দারুণ সব পানীয় নিয়ে অপেক্ষা করছে ‘প্রাণ’। শুধু তৃষ্ণা নিবারণ নয়, পাশাপাশি পেট ভরানোর নানা রকম আয়োজনও রয়েছে এখানে। তাই জুস খাওয়ার পাশাপাশি হালকা নাশতাটাও সেরে নেয় অনেক ক্রেতাই। আর সে কথাটা বোঝে বলেই এবার বেশ আটঘাট বেঁধে বাণিজ্য মেলায় এসেছে প্রাণ। সঙ্গে নিয়ে এসেছে বেশ কয়েকটি নতুন পণ্য। এর মধ্যে টিফিন কেকটার কথা আলাদা করে না বললেই নয়। ভ্যানিলা, স্ট্রবেরি আর কলার স্বাদে পাওয়া যাচ্ছে এই কেকটা। এর দাম মাত্র ছয় টাকা। এর সঙ্গে আছে ক্রিমে ভরা ফান বাইট কেক। এর দাম রাখছে আট টাকা। এর বাইরেও জিভে টক-ঝালের স্বাদ ছোঁয়াতে প্রাণের প্যাকেটভরা ঝালমুড়ি আর মটরভাজাও পাওয়া যাচ্ছে। অল্প টাকায় হালকা নাশতার জন্য জুড়ি নেই এসব খাবারের। তার পরও বাণিজ্য মেলায় ক্রেতাদের বিশেষ ছাড়ে পণ্য বিক্রির জন্য বেশ কয়েকটা প্যাকেজের ব্যবস্থা করেছে প্রাণ কর্তৃপক্ষ। এসব মিলিয়ে প্রাণের প্যাভিলিয়ন কিন্তু দারুণ জমজমাট।স্বাদের জাদু নিয়ে ম্যাগিকী ছেলে, কী বুড়ো—ম্যাগির নামটা শুনলেই মনটা চনমন করে ওঠে সবার। নুডল্স বলুন, কিংবা স্যুপ; ম্যাগির স্বাদের সঙ্গে তুলনা চলে না আর কারোরই। সেই ম্যাগি এবার বাণিজ্য মেলায় নিয়ে এসেছে একেবারে নতুন একটা পণ্য। নাম হচ্ছে ‘ম্যাগি স্বাদ-এ ম্যাজিক’। নামের সঙ্গে মিল রেখে কাজটাও তার সে রকমই। ঘরে তৈরি সাদামাটা খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়াটাই এর কাজ। মানে শাকসবজি, মাছ, মাংস—যাই রান্না করুন না কেন, চুলা থেকে নামানোর আগে এক প্যাকেট স্বাদ-এ ম্যাজিক ছড়িয়ে দিলেই হলো। খাবারের স্বাদ তাতে বেড়ে যাবে কয়েক গুণ। তবে স্বাদবর্ধক হলেও ম্যাগি স্বাদ-এ ম্যাজিকের বড় গুণ হচ্ছে, এটা সাদামাটা খাবারের পুষ্টির মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয়—এমনটাই দাবি কর্তৃপক্ষের। তা ছাড়া যেসব ঘরের শিশুরা শাকসবজি খেতে চায় না, তাদের জন্য তো ম্যাগি স্বাদ-এ ম্যাজিক একেবারে ধন্বন্তরি। ঘরে সবজি রান্না করে তাতে এক প্যাকেট স্বাদ-এ ম্যাজিক মিশিয়ে দিলেই হলো। শিশুরা চেটেপুটে সবজি খাবে তখন। কেননা, রান্না করা সবজি যদি সুস্বাদু হয়, তাহলে সেটা খেতে মোটেই আপত্তি করবে না তারা। তার ওপর বাড়তি পাওনা পুষ্টিটা তো থাকলই। তবে এই জিনিসটা কিন্তু এখনো বাজারে আসেনি। কেবল বাণিজ্য মেলার ১৫ নম্বর প্যাভিলিয়নে নেসলে বাংলাদেশের বিক্রয়কেন্দ্রেই দেখা মিলবে ম্যাগি স্বাদ-এ ম্যাজিকের। দামটাও খুব বেশি নয়, প্রতি প্যাকেটের দাম পাঁচ টাকা।গোল্ডেন হারভেস্টে নাশতার নানা পদনাশতায় আপনার খাবারের চাহিদাটা যেমনই হোক না কেন, গোল্ডেন হারভেস্টের ঝুড়িতে তার দেখা পেয়ে যাবেন অনায়াসেই। কেননা, লুচি, পরোটা, চাপাতি, চালের রুটি, শিঙাড়া, সমুচা, পুরি কিংবা বার্গার—সবকিছুই পাবেন এখানে। ৩৮ নম্বর মিনি প্যাভিলিয়নে হিমায়িত খাবারের দারুণ সব পদ নিয়ে বাণিজ্য মেলায় হাজির হয়েছে গোল্ডেন হারভেস্ট। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২০ ধরনের খাবার আছে এখানে। তবে আর সবকিছুর চেয়ে গোল্ডেন হারভেস্টের ফ্রেঞ্চফ্রাইটা কিন্তু দারুণ সাড়া ফেলে দিয়েছে মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে। এর পাশাপাশি আছে চিকেন নাগেট। এই জিনিসটা নিয়েও বেশ ভালোই জমিয়ে ফেলেছে তারা। পৃথিবীর ১০টি দেশে গোল্ডেন হারভেস্ট নিয়মিত রপ্তানি করছে তাদের পণ্য।শাহি আয়োজন নিয়ে ফখরুদ্দিনবাংলাদেশের মানুষ তো চিনেছেই, স্বাদের গুণে ফখরুদ্দিনের বিরিয়ানির নাম চাউর হয়ে গেছে সারা দুনিয়ায়। বিরিয়ানি, তেহারি, কাবাব আর মোগলাই পদেও জুড়ি নেই ফখরুদ্দিনের। তাই বাণিজ্য মেলার ৭ নম্বর মিনি প্যাভিলিয়নটা হরদমই ভরাট থাকে ভোজনরসিকদের আনাগোনায়। কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ তেহারি তো আছেই। এর সঙ্গে ফিরনি, বোরহানি আর আলুবোখারার চাটনি নিয়েও রীতিমতো বাজার মাত করে দিয়েছে তারা। এর মধ্যে বোরহানি আর আলুবোখারার চাটনি—এ দুটো বাণিজ্য মেলার দর্শনার্থীদের যথেষ্ট মনে ধরেছে। ফখরুদ্দিনের বোরহানিটা এমনই সুস্বাদু পানীয় যে অনেকে শাহি খাবারের সঙ্গে অনুষঙ্গ হিসেবে নয়, বরং পানীয় হিসেবেই কিনে নিচ্ছে বোরহানির বোতল। আর জিভে জল আনা আলুবোখারার চাটনিটাও দারুণ বিকোচ্ছে। বোতল আর প্যাকেট—দুভাবেই মেলে আলুবোখারার চাটনি। তাই স্বাদ চেখে দেখতে পাঁচ টাকার প্যাকেট কিনে মেলায় ঘুরতে ঘুরতে অনেকেই লোভে পড়ে ঘরে ফেরার পথে বয়ামভরা আলুবোখারার চাটনি কিনে নিয়ে যায়।নাবিস্কো বিস্কুটের জয়জয়কারবাজারে আজকাল ঝকমকে প্যাকেটে দেশি-বিদেশি বিসু্কটের ছড়াছড়ি। তার পরও নাবিস্কো বিস্কুট তার বাজার ধরে রেখেছে ঠিক আগের মতোই। বাণিজ্য মেলার ২৮ নম্বর প্যাভিলিয়নে নাবিস্কোর বিক্রয়কেন্দ্রে লোকজনের ভিড় দেখে সে কথাটা বোঝা যায় বেশ। তারাও অবশ্য একেবারে চোখ-কান বুজে, হাত-পা গুটিয়ে বসে নেই। হালের বাজারের সঙ্গে পাল্লা দিতে এই কয় বছরে নতুন নতুন বেশ কয়েক পদের বিস্কুট যোগ হয়েছে তাদের তালিকায়। নাবিস্কোর পুরোনো বিস্কুটগুলোও কিন্তু হারিয়ে যায়নি। দাপটের সঙ্গে আজও সেই বিস্কুটগুলো বাজার মাতিয়ে বেড়াচ্ছে। এমনকি গোলাপি প্লাস্টিকের গায়ে আঙুরের ছবিওয়ালা মোড়কে মোড়া নাবিস্কো গ্লুকোজ বিস্কুটটারও দেখা পাওয়া গেল এখানে। ৫৭ বছর হয়ে গেছে বিস্কুটটির বয়স।মাশরুমের মজাবাণিজ্য মেলার শত শত জমজমাট স্টল আর হাজার হাজার চটকদার বিজ্ঞাপনের ভিড়ে খানিকটা ম্রিয়মাণ দেখালেও ৯০ নম্বর স্টলে বসা জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের বিক্রয়কেন্দ্রটায় একদম অন্য রকম কিছু খাবারের দেখা মিলল। নাম থেকেই বোঝা যাচ্ছে, খাবারগুলো মাশরুম দিয়ে তৈরি। আসলে বাংলাদেশে মাশরুমের চাষাবাদটা বেশ জোরেশোরে শুরু হলেও প্রচার-প্রসারের অভাবে এখনো ঠিক সেই অর্থে জনপ্রিয় হয়নি খাবারটা। সত্যি বলতে কী, এখনো এ দেশের অনেকেই মনে করে, মাশরুম আসলে ব্যাঙের ছাতা বৈ অন্য কিছু নয়। অথচ এটা যে সারা বিশ্বের মানুষ সুস্বাদু সবজি হিসেবে খেয়ে আসছে, সে কথাটা তাদের বোঝাবে কে? অনেকটা সেই দায়িত্ব কাঁধে নিয়েই এবারের বাণিজ্য মেলায় তাদের এই স্টল নেওয়া। আর এখানে বিক্রি হচ্ছে মাশরুমের তৈরি নানা রকম খাবার। মাশরুমের চপ থেকে শুরু করে স্যুপ, সস এমনকি শরবত পর্যন্ত পাওয়া যাচ্ছে এখানে। আর কিছু না হোক, মাশরুমের আচারটা যদি চেখে দেখেন একবার, পুরো বোতলটাই কিনে নিয়ে যেতে ইচ্ছে করবে আপনার। এর স্বাদ-গন্ধ আপনার চিরচেনা আম, জলপাই আর তেঁতুলের আচার থেকে একেবারেই আলাদা। তাই একবার স্বাদ নিলেই টের পাবেন মাশরুম একেবারেই ভিন্ন রকম একটা খাবার। অন্তত ব্যাঙের ছাতা বলে অবজ্ঞা করার মতো যে নয়, সে কথাটা টের পাবেন অনায়াসে।এই শীতেও আইসক্রিম!লোকজন হাঁ হয়ে চেয়ে চেয়ে দেখে। কিন্তু যাদের দেখে, তাদের যেন কিছুই আসে-যায় না। তারা মহা আনন্দে চেটেপুটে আইসক্রিম খেয়ে যাচ্ছে তো যাচ্ছেই। অথচ এখন মাঘ মাস। দুপুরটা পার হলেই চারদিক থেকে হু হু করে ঠান্ডা বাতাস ছোটে। তবু বাণিজ্য মেলায় ঘোরাফেরার সময় যদি একটু খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন এই আইসক্রিমপাগল মানুষগুলোকে। মেলায় এসে এ-দোকান ও-দোকান ঘুরতে ঘুরতে ১০২ নম্বর স্টলের সামনে এসে থমকে যায় তারা। কেননা, এখানে ইগলু তার আইসক্রিমের ভান্ডার নিয়ে বসে আছে। সব মিলিয়ে ২৯ রকমের আইসক্রিম পাওয়া যায় এখানে। চকবার, মেগা, মাচো, কর্নেলি, সিঙ্গেল সানডে, পেস্তা কুলফি আরও কত কী! আর সবার মতো কোনো ছাড় কিংবা ফ্রি আইসক্রিম খাওয়ানোর মুলা ঝুলিয়ে খদ্দের ধরতে হয় না তাদের। কেননা, আইসক্রিমের টানে ঠিক ঠিকই লোকজন ছুটে আসে এখানে।