স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য একমত হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অভিমত দিয়েছেন দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তে একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে ব্যবসায়ী নেতারা সব রাজনৈতিক দল ও সাংসদের মতৈক্য কামনা করছেন।ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতৃত্বে মোট ১২৩টি ব্যবসায়ী সংগঠনের নেতারা গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।ব্যবসায়ী নেতারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনমতের প্রতিফলন হিসেবে ১৯৯০ সালে একটি বিশেষ পরিস্থিতিতে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সব রাজনৈতিক দল ৯০ দিন মেয়াদি তিনটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে মতৈক্যে উপনীত হয়েছিল। এ ধারাবাহিকতায় এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি নির্বাচনের ক্ষেত্রেই এক বা একাধিক রাজনৈতিক দল সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে অভিযোগ করেছে, যা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান প্রশ্নবিদ্ধ করেছে।যৌথ বিবৃতিতে আরও বলা হয়, গত তত্ত্বাবধায়ক সরকার (২০০৭-০৯) ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করে তাদের ক্ষমতা দুই বছর প্রলম্বিত করে। এ সময় জনগণের মৌলিক অধিকার হরণ করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাধারণ খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র দোকানদারসহ সবার প্রতি অমানবিক অত্যাচার ও নিপীড়ন করা হয়। ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, কর্মসংস্থান সংকুচিত হয় এবং দেশের সার্বিক অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে।ব্যবসায়ী নেতারা বলেছেন, ‘সরকার গঠনে একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে দেশে জনমত সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের বিষয়ে মহান জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখার লক্ষ্যে এ বিলটি সময়োপযোগী বলে আমরা মনে করি। জাতীয় গুরুত্বপূর্ণ বিলটি অনুমোদনের বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে সম্মানিত সব সাংসদের মধ্যে মতৈক্য সৃষ্টি হওয়া প্রয়োজন।বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানই একমাত্র সংবিধানসম্মত ব্যবস্থা। সুষ্ঠু গণতান্ত্রিক সরকার গঠনের এ সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দেবে এবং দেশ পুনরায় গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত হবে। এতে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব হবে এবং দেশের সার্বিক অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে, তেমনি দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে।সবশেষে ব্যবসায়ী নেতারা বলেছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে সরকার গঠনের একমাত্র সাংবিধানিক ব্যবস্থা হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সবার কাম্য। তাই সরকার ও বিরোধী দলের সব সাংসদসহ দলমত নির্বিশেষে সবাইকে মতৈক্যে উপনীত হওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি (এফবিসিসিআই) এ কে আজাদ, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি এ কে এম সেলিম ওসমান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মুরশেদ মুরাদ ইব্রাহিম, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশ উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান, রংপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হোসেন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহ প্রমুখ।বিবৃতিতে এফবিসিসিআই এবং দেশের ৫০টি চেম্বার ও ৭২টি অ্যাসোসিয়েশনের (সমিতি) নেতারা সই করেছেন।