স্বাধীন দেশ হিসেবে দক্ষিণ সুদানের আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের জন্য আজ শনিবার এক ঐতিহাসিক দিন। বহু বছরের সংগ্রামের পর আজ শনিবার পৃথিবীর মানচিত্রে নবীনতম স্বাধীন দেশ হিসেবে নিজ পরিচয় তুলে ধরেছে দেশটি ।গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকেই দক্ষিণ সুদানের রাজধানী জুবায় শুরু হয়েছে স্বাধীনতার উত্সব। শহরের কেন্দ্রে অবস্থিত কাউন্টডাউন ঘড়ি শূন্যে পৌঁছার সঙ্গে সঙ্গেই টেলিভিশনে বেজে ওঠে এ নতুন দেশের জাতীয় সংগীত।বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতভর হাজার হাজার মানুষ জুবার রাস্তায় রাস্তায় দক্ষিণ সুদানের পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করে। এ ছাড়া তারা দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতের নামে স্লোগান দেয়। আজ জুবাতে দক্ষিণ সুদানের আনুষ্ঠানিক স্বাধীনতার অনুষ্ঠানে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সুসান রাইস যোগ দেওয়ার কথা রয়েছে।দক্ষিণ সুদানের পার্লামেন্টের স্পিকার জেমস ওয়ানি ইগা আজ আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করবেন। এরপরই সুদানের জাতীয় পতাকা নামিয়ে ফেলে দক্ষিণ সুদানের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।দক্ষিণ সুদানকে স্বাধীন দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সুদান। সুদানের প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রী বাকরি হাসান সালেহ গতকাল শুক্রবার ওই আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেন। সুদানের প্রেসিডেন্ট বশিরও নতুন প্রতিবেশী দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।উত্তর সুদানের সঙ্গে তেল সমৃদ্ধ দক্ষিণ সুদানের কয়েক দশকের গৃহযুদ্ধে ১৫ লাখ মানুষ নিহত হয়েছে। দক্ষিণ সুদানের স্বাধীনতার প্রশ্নে ২০০৫ সালে উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদিত হয়। শান্তিচুক্তি অনুয়ায়ী অনুষ্ঠিত গণভোটে দক্ষিণ সুদানের ৯৯ শতাংশের বেশি ভোটার স্বাধীনতার পক্ষে রায় দেয়।