স্বাধীন পশ্চিম পাকিস্তানের কথা ভেবেছিলেন ভুট্টো
১৯৭১ সালের ১ মার্চ প্রস্তুত একটি মার্কিন নথি থেকে জানা যাচ্ছে, জুলফিকার আলী ভুট্টো ঢাকায় ইয়াহিয়া-মুজিব বৈঠক অনুষ্ঠানের আগেই পূর্ব পাকিস্তানকে বাদ দিয়ে একটি স্বাধীন পশ্চিম পাকিস্তানের শীর্ষ নেতা হওয়ার চিন্তা করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ও পূর্ব প্রাচ্যবিষয়ক তৎকালীন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যোসেফ সিসকো প্রেসিডেন্ট নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের জন্য একটি তথ্য স্মারক তৈরি করেছিলেন। এর শিরোনাম ছিল, ‘প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় পাকিস্তান রাজনৈতিক সংকটের মুখোমুখি’। ওই স্মারকে লেখা আছে, ভুট্টো ও তাঁর অনুসারীরা সত্যিকার অর্থে কৌশলগতভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন যে একটি দুর্বল ফেডারেল ব্যবস্থায় ঐক্যবদ্ধ পাকিস্তানের মধ্যে থাকার চেয়ে একটি স্বাধীন রাষ্ট্র শাসন তাদের জন্য সুফল দেবে।ওই স্মারকে আরও বলা হয়, প্রেসিডেন্ট ইয়াহিয়া করাচিতে এক ঘোষণায় ‘দুঃখভারাক্রান্ত হূদয়ে’ ৩ মার্চ ঢাকায় যে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল তা স্থগিত ঘোষণা করেছেন। তিনি এটা করেছেন, কারণ অধিকাংশ পশ্চিম পাকিস্তানি সদস্য ঘোষণা দিয়েছেন যে তাঁরা অধিবেশনে যোগ দেবেন না। কারণ, একটি সংবিধান প্রণয়নে রাজনৈতিক নেতারা ‘মতৈক্যে পৌঁছানোর’ পরিবর্তে ‘কঠোর অবস্থান গ্রহণ’ করেছেন।ওই স্মারকে উল্লেখ করা হয়, ইয়াহিয়ার এই পদক্ষেপ দৃশ্যত পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টোর প্রতি একটি ছাড় এবং পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমানকে একটি ধাঁধায় ফেলা। গত সপ্তাহে ভুট্টো ইয়াহিয়ার সঙ্গে দুবার সাক্ষাৎ করেছেন। গতকাল (২৮ ফেব্রুয়ারি) লাহোরে এক জনসভায় ভুট্টো বলেন, চলতি রাজনৈতিক অচলাবস্থার অবসানের একমাত্র উপায় হচ্ছে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা কিংবা সাংবিধানিক বিতর্কের জন্য ১২০ দিনের সময়সীমা বাতিল করা।ওই দলিলটির এর পরের ভাষ্য এ রকম: অধিবেশন ডাকার বিলম্বের ঘটনায় মুজিব ইতিমধ্যেই অসন্তুষ্ট। মধ্য জানুয়ারিতে নির্বাচন হয়। নির্বাচন শেষ হলেও অধিবেশন ডাকা হয় ৩ মার্চ। মুজিব এটাও স্পষ্ট করেছেন যে তাঁর দলের ছয় দফার স্বায়ত্তশাসনবাদী কর্মসূচির ভিত্তিতে একটি সংবিধান প্রণয়নে তিনি তাঁর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করবেন। মুজিব পূর্ব পাকিস্তানে তাঁর নিজস্ব সংখ্যাগরিষ্ঠ বিজয়ের কারণে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কাছে অনেকটাই জিম্মি হয়ে পড়েছেন। এবং সেখান থেকে তাঁর বেরিয়ে আসার সুযোগ খুবই সীমিত। তাঁর অনুসারীদের অনেকের কাছেই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প হচ্ছে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, প্রস্তাবিত সংবিধান প্রণয়ন নয়।আজকের অপরাহে ঢাকা থেকে পাওয়া সর্বশেষ খবর হলো, ইয়াহিয়ার দুপুরের ঘোষণার পর ঢাকা শহর স্বতঃস্ফূর্ত মিছিলে ছেয়ে গেছে। বাংলার জন্য স্বাধীনতা—এই স্লোগানে নিয়ে তারা অগ্রসর হচ্ছে। একটি সাধারণ ধর্মঘটেরও আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মুজিব ও তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টারা পূর্বনির্ধারিত একটি সভাস্থলে সমবেত হচ্ছেন।মুজিব এক কঠিন অবস্থায় রয়েছেন। দৃশ্যত জনতার উদ্দেশে তিনি একটি বিবৃতি দেবেন এবং তাতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে আহ্বান জানাবেন। মুজিব একটি দুর্বল ফেডারেল ব্যবস্থায় পশ্চিম পাকিস্তানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক ধরে রাখার মধ্যে সুবিধা দেখছেন। তিনি একটি নির্দিষ্ট তারিখের মধ্যে অধিবেশন আহ্বানের আলটিমেটাম দিয়ে কিছুটা সময় ধরে রাখতে সক্ষম হতে পারেন। কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন, যেহেতু তা সময়ের দাবি। কিংবা তা না দিলেও সে ধরনের একটি ঘোষণা দেওয়ার হুমকি দিতে পারেন। মুজিব কোন পথ বেছে নেবেন আমরা তা অনুমান করতে পারি না। কিন্তু তাঁর নেতৃত্ব ধরে রাখতে তাঁকে অবশ্যই নিষ্পত্তিমূলকভাবে এবং ক্ষিপ্রতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। সত্য উচ্চারণের মুহূর্ত দৃশ্যত হাতের মুঠোয় এবং দৈনন্দিন ঘটনাবলি পাকিস্তানের ঐক্যকে অনিশ্চিত করে তুলছে। উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মার্চ শেখ মুজিবুর রহমান বিদেশি সংবাদদাতাদের কাছে নাম প্রকাশ না করার শর্তে তথ্য প্রকাশ করেছিলেন, ‘আগামী ৭ মার্চ তিনি যা ঘোষণা করতে যাচ্ছেন তা স্বাধীনতার সমতুল্য।’