স্বাধীন ফিলিস্তিনের প্রস্তাব জাতিসংঘে উত্থাপনের অঙ্গীকার আব্বাসের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি উপেক্ষা করে আগামী সপ্তাহে জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব উত্থাপনের অঙ্গীকার করেছেন ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।জাতিসংঘে আগামী ২৩ সেপ্টেম্বর প্রস্তাব উত্থাপনকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সভা-সমাবেশের আশঙ্কায় ইসরায়েল পতিমতীরে সেনাসদস্যের সমাবেশ বাড়ানোর পর আব্বাস এ অঙ্গীকার ব্যক্ত করেন।ফিলিস্তিনের এ উদ্যোগ হিতে বিপরীত হবে—যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি অগ্রাহ্য করে গতকাল শুক্রবার এক টেলিভিশন বক্তৃতায় আব্বাস বলেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি জানানো আমাদের ন্যায়সংগত অধিকার।’এদিকে এ নিয়ে চলমান কূটনৈতিক বিতর্কে নতুন করে যোগ দিয়েছে ইউরোপ। তারা ফিলিস্তিন বিষয়ে একটি গঠনমূলক সমাধান ও ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।ওয়াশিংটন এরই মধ্যে হুমকি দিয়ে বলেছে, প্রস্তাব উত্থাপন করা হলে তারা ভেটো দেবে। তারা এ বিষয়ে তাদের বিরোধী অবস্থান ব্যাখ্যা করেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে এ ধরনের উদ্যোগ বৈরী পরিস্থিতি তৈরি করবে। আমরা মনে করি, উভয় পক্ষের প্রত্যক্ষ আলোচনা জরুরি। এটিই একমাত্র পথ এবং আমরা এ বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছি।’আব্বাস তাঁর বক্তব্যে আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দেশটির ওপর চালানো ঐতিহাসিক অন্যায়ের অবসান ঘটানো হবে। যেমনটা করেছে বিশ্বের অপরাপর দেশের মানুষ।এদিকে ইসরায়েল বলেছে, ভবিষ্যত্ ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা অবশ্যই দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নির্ধারিত হতে হবে। বাসস।