বৈদেশিক শত্রুর বিরুদ্ধে প্রথাগত যুদ্ধে অথবা জাতীয় মুক্তিসংগ্রামে অপ্রথাগত গেরিলা জনযুদ্ধে নিজস্ব প্রচারমাধ্যমের অত্যন্ত প্রয়োজন। শত্রুর বিরুদ্ধে প্রচার-প্রচারণাও যুদ্ধেরই অংশ। সেই যুদ্ধে সংবাদপত্র, বেতার ও টেলিভিশন অস্ত্রের বিকল্প ভূমিকা পালন করে। একাত্তরে বাঙালির মুক্তিযুদ্ধ ছিল এক জীবনমরণ জনযুদ্ধ। দখলদার পাকিস্তানি সামরিক জান্তার নিয়ন্ত্রণে ছিল দেশের ভেতরের সব ধরনের সংবাদমাধ্যম। বাংলাদেশের কোনো নগর-বন্দর থেকে বাঙালির স্বাধীনতার পক্ষে এবং মুক্তিযুদ্ধের সমর্থনে কোনো পত্রিকা প্রকাশ সম্ভব ছিল না—বেতার সম্প্রচারও নয়। মুক্তিকামী বাঙালির পক্ষে মিত্রশক্তি ভারতের সংবাদমাধ্যম—পত্রপত্রিকা ও আকাশবাণী অসামান্য অবদান রাখে। বাঙালিদের নিজস্ব একমাত্র প্রচারমাধ্যম ছিল ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’।স্বাধীন বাংলা বেতার সম্পর্কে আলোচনা করতে গেলে তার দুটি পর্যায়কে আলাদাভাবে বিবেচনা করতে হয়। চট্টগ্রামের কালুরঘাট ট্রান্সমিশন ভবনের সম্প্রচারের মেয়াদ মাত্র পাঁচ দিন: ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত। ৩০ মার্চ কালুরঘাট ট্রান্সমিশন ভবন পাকিস্তান বিমানবাহিনীর হামলায় বিধ্বস্ত হয়। চার দিন বন্ধ থাকার পর ৩ এপ্রিল আবার চালু করা হয়। তারপর এক মাস ২২ দিন অন্য জায়গা থেকে অনিয়মিত এবং কিছুটা অগোছালো অনুষ্ঠান প্রচারিত হয়। ২৬ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হয়নি। অস্থায়ী প্রবাসী বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে স্বাধীন বাংলা বেতার সম্প্রচার শুরু করে ২৫ মে থেকে। এটির কার্যক্রম শেষ হয় ২ জানুয়ারি ১৯৭২। এটি দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়।একাত্তরের মার্চ ছিল বাঙালির ইতিহাসের এক অস্বাভাবিক অস্থির সময়। প্রশাসন ও জনজীবনে পাকিস্তানি সরকারের নিয়ন্ত্রণ ছিল না বললেই চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে চলছিল অসহযোগ আন্দোলন। তবে সে অসহযোগ আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। আন্দোলনরত জনতার ওপর পাকিস্তানি সামরিক বাহিনী দেশের বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিবর্ষণ করছিল। তাতে হতাহতের সংখ্যা ছিল বিপুল। বাঙালিও সাধ্যমতো প্রতিরোধ গড়ে তুলছিল।মিছিল-সমাবেশে বিক্ষিপ্ত গুলিবর্ষণের পরিবর্তে ২৫ মার্চ সামরিক জান্তা ঢাকায় গণহত্যা শুরু করে। স্বাধীনতাকামী বাঙালির প্রতিরোধ ও প্রতিশোধস্পৃহা আরও প্রবল হয়ে ওঠে। তাদের পণ—হয় স্বাধীনতা, নয় মৃত্যু। রাতের অন্ধকারে অতর্কিত গণহত্যা শুরু হওয়ায় ঢাকায় প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি ছিল না। কিন্তু চট্টগ্রাম, কুমিল্লা, যশোর প্রভৃতি সেনানিবাসের অধিকাংশ বাঙালি অফিসার ও সৈন্য সামরিক জান্তার পক্ষ ত্যাগ করে বাঙালির মুক্তিসংগ্রামে যোগ দেন। ঢাকা ক্যান্টনমেন্টের বহু বাঙালি অফিসার ও সৈন্য পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সারা দেশে সেনাবাহিনীর বাঙালি সদস্য, ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্য, পুলিশ, আনসার সদস্য প্রমুখ অবিলম্বে পাকিস্তানি অবাঙালি সৈনিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ২৬ মার্চ থেকে চট্টগ্রামের প্রতিরোধ ছিল সবচেয়ে প্রচণ্ড।ঢাকায় ২৫ মার্চ রাতে গণহত্যা শুরু হলে রেডিও পাকিস্তানের বিভিন্ন কেন্দ্রের বাঙালি কর্মচারীরা ২৬ মার্চ সকাল থেকে কাজ বন্ধ রাখেন। রেডিও পাকিস্তান, চট্টগ্রাম কেন্দ্রের কর্মচারীরাও কাজে যোগ দেননি। এদিকে সাধারণ মানুষ মাইকযোগে ও লিফলেট বিলি করে চট্টগ্রাম নগরে প্রচার করেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। ওই সব ঘোষণা শুনে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রাম বেতারের কয়েকজন প্রকৌশলী-টেকনিশিয়ান ও কর্মী ২৬ মার্চ দুপুর দুইটার কিছু পর বেতারকেন্দ্র থেকে পাকিস্তানি বাহিনীকে রখে দাঁড়ানোর আহ্বান জানান। ওই পাঁচ-ছয় মিনিটের অনুষ্ঠানেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন—এ কথা প্রচার করেন জেলা আওয়ামী লীগের নেতা এম এ হান্নান। তাঁর ওই ঘোষণা বেশি মানুষ শুনতে পায়নি।দুপুরের অনুষ্ঠানে প্রভাবিত হয়ে আরেক দল কর্মী একই কেন্দ্র থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিছুক্ষণ সম্প্রচার করেন। তখনো ছিল প্রতিরোধের ডাক। রাত ১০টায়ও অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যা, তা হলো ওই কেন্দ্র থেকেই ২৭ মার্চ সন্ধ্যায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান ‘স্বাধীনতা ঘোষণা’র কথা প্রচার করেন। এই ঘোষণা জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আশার সঞ্চার করে। ওই বেতারের তখন নাম বলা হয়েছিল ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’।৩০ মার্চ পর্যন্ত কালুরঘাটের ওই ট্রান্সমিটার থেকে অনিয়মিত অনেক অনুষ্ঠান প্রচার করা হয়। শত্রুর বিরুদ্ধে নানা রকম সত্য-অসত্য সংবাদ-বুলেটিন ও কথিকা সম্প্রচার করা হয়, যা মানুষের মনোবল বাড়াতে সাহায্য করে। ২৬ মার্চের একটি কথিকায় বলা হয়েছিল, ‘দেশবাসী ভাইবোনেরা, আজ আমরা বাংলার স্বাধীনতার সংগ্রাম করছি।...মরণ তো মানুষের একবার। বীর বাংলার বীর সন্তানেরা শৃগাল-কুকুরের মতো মরতে জানে না। মরলে শহীদ, বাঁচলে গাজী।’অনিয়মিত ও অগোছালোভাবে হলেও প্রথম পর্যায়ের অনুষ্ঠানেও বক্তব্য ছিল খুবই তীক্ষ। যেমন—২১ এপ্রিল সম্প্রচারিত এক কথিকায় মুস্তফা আনোয়ার বলেন, ‘আজ প্রতিটি বাঙালি জানে, এ যুদ্ধ তার বাঁচার জন্য। এ যুদ্ধ তার চিরদাসত্বের নিগড় থেকে মুক্তির জন্য। বাঙালির মুক্তিযুদ্ধকে তাই ইতিহাসের কবরে পচে যাওয়া সাম্প্রদায়িকতার বিষে ঘুলিয়ে দেওয়া যাবে না। তথাকথিত পাকিস্তান আর নেই। পাকিস্তানের নিশান আমরা পুড়িয়ে ভস্মীভূত করেছি। আমরা উড়িয়েছি আমাদের বুকের রক্তে রাঙানো স্বাধীন বাংলাদেশের পতাকা।’অস্থায়ী প্রবাসী সরকার আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ উদ্বোধন করে ২৫ মে। ওই দিনটি কেন নির্ধারণ করা হলো—এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নেতা টাঙ্গাইল থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য আবদুল মান্নান এবং আকাশবাণীর কয়েকজন কর্মকর্তা আমাকে জানান, ওই দিনটি নির্বাচন করা হয়েছিল যেহেতু সেটি ছিল ১১ জ্যৈষ্ঠ—কাজী নজরুল ইসলামের জন্মদিন।প্রথম দিনের অনুষ্ঠানে সকাল সাতটায় প্রথম উচ্চারিত শব্দ: ‘আসসালামু আলায়কুম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলাদেশের সাড়ে সাত কোটি জনগণকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রথম অধিবেশন শুরু করছি। অধিবেশনের প্রথমে শুনুন তেলাওয়াতে কালামে পাক ও তার বাংলা তরজমা।’তারপর ঘণ্টাব্যাপী প্রথম অধিবেশনে সম্প্রচারিত হয় বাংলা ও ইংরেজি খবর, বঙ্গবন্ধুর ভাষণ থেকে অংশবিশেষ, দেশাত্মবোধক গান এবং এম আর আখতার মুকুল রচিত ও পঠিত ব্যঙ্গাত্মক কথিকা ‘চরমপত্র’। বিশেষ আকর্ষণ ছিল নজরুলজয়ন্তী উপলক্ষে নজরুলের উদ্দীপক কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন। অনুষ্ঠানটির নাম ছিল ‘অগ্নিশিখা’। সন্ধ্যা সাতটার দ্বিতীয় অধিবেশনটি ছিল দেড় ঘণ্টার সামান্য বেশি। সেখানে ‘অগ্নিশিখা’র সঙ্গে যোগ হয় ‘অগ্নিবীণা’ অনুষ্ঠানটি। পরিবেশিত হয় ‘দুর্গম গিরি কান্তার মরু’ এবং নজরুলের অন্য কয়েকটি গান।স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠানগুলো ছিল খুবই গোছালো ও ছিমছাম। কথা কম, বক্তব্য বেশি। এপ্রিল নাগাদ বাংলাদেশের বহু বিখ্যাত কবি, লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, শিল্পী ভারতে চলে গিয়েছিলেন। তাঁরা অনেকে যোগ দেন স্বাধীন বাংলা বেতারে। বাঙালির স্বাধিকার আন্দোলনের ইতিহাস, পাকিস্তানি স্বৈরশাসনের ইতিহাস, বাংলার মানুষের প্রতিরোধ সংগ্রামের কথা বিখ্যাত ব্যক্তিদের কথিকায় প্রচারিত হতো। ‘রণভেরী’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অপারেশনের সংবাদ থাকত। ‘বজ্রকণ্ঠে’ শেখ মুজিবুর রহমানের বাণী। মওলানা ভাসানীর সাক্ষাৎকারের অংশবিশেষও প্রচারিত হয়। ইসলাম বিষয়েও বহু কথিকা ছিল। বাংলা, ইংরেজি ছাড়া উর্দুতেও সংবাদ বুলেটিন প্রচারিত হতো, বিশেষভাবে শত্রুকে শোনানোর জন্য।স্বাধীন বাংলা বেতারের সংগীতানুষ্ঠান ছিল অতি চমৎকার। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লিগীতি, লোকসংগীত নিয়মিত প্রচারিত হতো। দেশাত্মবোধক গানগুলো ছিল অসামান্য। ভারতের গীতিকার গোপাল হালদারের লেখা গানগুলো ছিল খুবই জনপ্রিয়। এককথায় স্বাধীন বাংলা বেতার ছিল স্বাধীনতাকামী বাঙালির কণ্ঠস্বর।স্বাধীন বাংলা বেতার সম্পর্কে বিশেষ করে, এ কালের পাঠকদের জন্য একটি কথা বলা দরকার। এখন যেমন বস্তির অনেক ঝুপড়ি ঘরেও টেলিভিশন রয়েছে, একাত্তরে শহরের উচ্চমধ্য শ্রেণীর অনেক পরিবারে টিভি ছিল না। গ্রামেগঞ্জে রেডিও-ট্রানজিস্টার ছিল খুব কম মানুষের বাড়িতে। আমাদের এলাকায় দেখেছি, সকাল ও সন্ধ্যায় যে বাড়িতে ট্রানজিস্টার আছে, সে বাড়িতে গিয়ে ভিড় করতেন কিশোর-কিশোরী থেকে গৃহবধূ ও বৃদ্ধ-বৃদ্ধা পর্যন্ত। গোল হয়ে বসে তাঁরা গভীর মনোযোগ দিয়ে রেডিও শুনতেন। পাকিস্তানি বাহিনীকে—যাদের তখন নাম ছিল খানসেনা—পর্যুদস্ত করার কথা শুনে শ্রোতারা উল্লাসে ফেটে পড়তেন। কৃষকেরা যখন সকালে মাঠে কাজ করতে যেতেন, সেখানেও সম্ভব হলে কেউ সঙ্গে নিয়ে যেতেন একটি ট্রানজিস্টার।রেডিও পাকিস্তান ও স্বাধীনতার পর বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের চেয়ে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠানের মান ছিল উন্নত। আমরা সত্য আড়াল করতে অথবা অস্বীকার করতে অভ্যস্ত। বাহাত্তরে একই কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীরা যখন ঢাকায় এসে আরও শক্তিশালী বাংলাদেশ বেতারে সম্প্রচার শুরু করেন, তখন অনুষ্ঠানের মান দ্রুত পড়ে যায়। তার কারণ হলো, স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠানমালা আকাশবাণী কলকাতা কেন্দ্রের দক্ষ কর্মকর্তাদের নির্দেশনায় রেকর্ড করা হতো। স্বাধীন বাংলা বেতারের কর্মকর্তারা ঢাকায় এসে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে দক্ষতা দেখাতে পারেননি। শ্রোতারা বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের ওপর আগ্রহ হারিয়ে ফেলেন।সবশেষে বলা যায়, স্বাধীনতাকামী জনগণের মনোবল চাঙা রাখতে স্বাধীন বাংলা বেতার স্মরণীয় ভূমিকা পালন করে। দেশের ভেতরের পত্রপত্রিকা সামরিক জান্তার বন্দুকের নলের মুখে প্রকাশিত হতো। সেন্সরশিপ ছিল সীমাহীন।বাংলাদেশ থেকে প্রকাশিত কাগজে দেশের মানুষের স্বপ্ন ও আবেগ-অনুভূতির বিন্দুমাত্র প্রকাশ ঘটত না। মানুষের একমাত্র ভরসা ছিল রেডিও। বিদেশি বেতারের মধ্যে বিবিসি ও ভয়েস অব আমেরিকাও মানুষ শুনত। তবে আকাশবাণীর সম্প্রচার-বিশেষজ্ঞদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত ও পরিচালিত স্বাধীন বাংলা বেতার মানুষের প্রত্যাশা পূরণ করে।সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।