স্বাধীন বাংলাদেশের অন্যতম গৌরবসৌধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দেড় শ বছরে রচিত বাংলা সাহিত্যের অন্যসব কীর্তি আড়াল করে কারও কাছে যদি কেবল রবীন্দ্র রচনাবলী উপস্থাপন করা হয়, তবে বাংলা ভাষা ও সাহিত্যের সম্যক পরিচয়ের জন্য তা-ই যথেষ্ট। ওই কালপরিধিতে বাঙালির সাহিত্যসম্পদে রবীন্দ্র রচনাবলীর মতো হিমালয়প্রতিম একক সংযোজনা আর নেই।একইভাবে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বাংলাদেশের জ্ঞানচর্চার ইতিহাসে একক শীর্ষ ঘটনা ২০০৩ সালের মার্চ মাসে প্রকাশিত বিশ্বকোষ বাংলাপিডিয়া। বাংলার সঙ্গে সঙ্গে এর ইংরেজি সংস্করণও প্রকাশ করা হয়েছিল। অব্যবহিত পর প্রস্তুত করা হয় এর ডিজিটাল সংস্করণ, যা ইন্টারনেটে সংযুক্ত করে দেওয়ায় পাঠকের মুঠোয় এসে যায়। বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ প্রতিদিন বাংলাপিডিয়া থেকে জেনে নেয় বাংলাদেশবিষয়ক তথ্যাদি; যাচাই করে নেয় ভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের গ্রহণযোগ্যতা। বাংলায় বিশ্বকোষ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি (১৭৮৬-১৮২২)। তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণ অনুসরণ করে কাজ শুরু করেছিলেন। এই দুর্গম পথে আরও কাজ করেছেন মহারাজা কালিকৃষ্ণ দেব (সদবিদ্যাবলি), কৃষ্ণমোহন ব্যানার্জি (বিদ্যাকল্পদ্রুম), রাজকৃষ্ণ রায় ও শরৎচন্দ্র দেব (ভারতকোষ) এবং রঙ্গলাল মুখোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ও নগেন্দ্রনাথ বসু (বিশ্বকোষ)। শেষেরটি সবচেয়ে পূর্ণাঙ্গ। এর ২২ খণ্ডের কাজ শেষ করতে ২২ বছর লেগেছিল। পরবর্তীকালে প্রকাশিত শিক্ষাকোষ-এর জন্য অমূল্যচরণ বিদ্যাভূষণ ৩৮ বছর ধরে তথ্য-উপাত্ত-রসদ সংগ্রহ করেছিলেন। ভারত বিভাগের পর ১৯৫৯ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশ করে পাঁচ খণ্ডের ভারতকোষ। এসব প্রাথমিক প্রচেষ্টার অধিকাংশ অসম্পূর্ণতা দূর করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পাঠকের হাতে পৌঁছে দিয়েছিল বাংলাপিডিয়া।বাংলাপিডিয়া সম্পূর্ণ-ভাবে বাংলাদেশের নিজস্ব সম্পদ। এটি বিশ্বের যেকোনো বিশ্বকোষের তুলনায় প্রাসঙ্গিক। কারণ, এর ছয় হাজার নিবন্ধের অন্যূন অর্ধেক কেবল বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও জীবনসম্পৃক্ত। এ কারণে এর উপ-শিরোনাম ‘বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ’ যথোপযুক্ত হয়েছে। ইংরেজি থেকে অনুবাদ করে এটি লেখা হয়নি। দেশি-বিদেশি শত শত পণ্ডিত ব্যক্তির মৌলিক গবেষণা এবং একাধারে পাঁচ বছরাধিক কাল নিবিড় ও নিরলস সম্পাদনার ফসল এই তুলনারহিত তথ্যভান্ডার। প্রকাশকালে প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম প্রতিশ্রুতি দিলেও বাংলাপিডিয়ার পরিমার্জিত সংস্করণ আজও প্রকাশ করা সম্ভব হয়নি। রাজনীতিসম্পৃক্ত কিছু বিষয় নিয়ে বাদানুবাদ রয়েছে; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিবন্ধ যোগ করার আছে; প্রয়োজন বিষয়াবলির গুরুত্বের সামঞ্জস্যবিধান। পরিসংখ্যানের ক্ষেত্রে রয়েছে অভিন্ন নীতির অনুপস্থিতি, রয়েছে হালনাগাদ করার সুযোগ। সর্বোপরি অনেক নিবন্ধের কাঠামো, অভিমুখ ও ভাষা বিশ্বকোষীয় নয়; এ ক্ষেত্রে প্রয়োজন দক্ষ সম্পাদনা। ইংরেজি সংস্করণটির ক্ষেত্রে যথোপযুক্ত ভাষার বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ। একটি পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণেই এই দুর্বলতাগুলো দূর করা সম্ভব।এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে ইন্টারনেট তথ্যতীর্থ উইকিপিডিয়ার বাংলা সংস্করণে বর্তমানে ২২ সহস্রাধিক ভুক্তির ওপর কাজ চলছে। সেই নিরিখে প্রথম সংস্করণকে ক্ষুদ্র সংস্করণ হিসেবে গণ্য করে বাংলাপিডিয়ার একটি মহাসংস্করণের পরিকল্পনা নেওয়া যেতে পারে। বাংলাপিডিয়ার পর এশিয়াটিক সোসাইটি এরকম বড় মাপের যে কাজটি করেছে তা হলো ২৮ খণ্ডে এনসাইক্লোপিডিয়া অব ফ্লোরা অ্যান্ড ফনা অব বাংলাদেশ। ভাবা যায় মাত্র ৬-৭ বছরে এমন একটি মহীরুহ কর্ম এই বাংলাদেশেই সুসম্পন্ন হয়েছে? বাংলাপিডিয়া বাংলাদেশের ওপর প্রণীত প্রথম তথ্যকোষ। এটি ধারণ করেছে আমাদের ইতিহাস ও জীবনাচরণ। যেসব কীর্তি আমাদের স্বাধীনতাকে তাৎপর্যমণ্ডিত করেছে, এই আকর গ্রন্থটি তার মধ্যে অন্যতম। এই গৌরবসৌধটিকে সময়োপযোগী করার প্রকল্প দাবি করে প্রচুর অর্থ, শত শত দক্ষ কর্মী এবং সর্বোপরি যোগ্য নেতৃত্ব। দেশের পণ্ডিতজন দ্রুত এ বিষয়ে মনোযোগ দিলে উপকার হয়। বিশ্বকোষ যেকোনো একটি বই নয়, কার্যত এটি চলমান গ্রন্থাগার। পাঠকের অপেক্ষায় না থেকে একে সদাপ্রস্তুত থাকতে হয়। আমরা যেন ভুলে না যাই, বাংলাপিডিয়ার ক্ষেত্রেও এ কথা সর্বাংশে প্রযোজ্য।ফয়জুল লতিফ চৌধুরী: লেখক।